প্রথম আলো
‘জোটে থেকেই জামায়াতকে চাপে রাখবে এনসিপি’—এটি দৈনিক প্রথম আলোর প্রথম পাতার শিরোনাম। খবরে বলা হয়, জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কিছু রাজনৈতিক অবস্থান নিয়ে অসন্তুষ্ট জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নীতিনির্ধারকেরা মনে করছেন, বিরোধী দলের ভূমিকা পালনের ক্ষেত্রে জামায়াত সরকারের প্রতি বেশি নমনীয় হয়ে পড়ছে। এ অবস্থায় ১১–দলীয় ঐক্যে থেকেই জামায়াতকে চাপে রাখার কৌশল নিয়েছে এনসিপি। একই সঙ্গে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ও তুলে ধরতে চায় দলটি।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সাতজন সদস্যের সঙ্গে কথা বলে এমন অবস্থানের কথা জেনেছে প্রথম আলো। সম্প্রতি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের ভূমিকা নিয়ে এনসিপির শীর্ষ নেতাদের প্রকাশ্য সমালোচনা এবং ৩১ অক্টোবর খুলনা বিভাগীয় লংমার্চে দলটির সীমিত অংশগ্রহণের মধ্য দিয়ে দুই দলের দূরত্বের বিষয়টি সামনে এসেছে। তবে এনসিপির নেতারা জানিয়েছেন, তাঁরা ১১–দলীয় ঐক্য ছাড়তে চান না।
সেপ্টেম্বরে জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রথম দুটি লংমার্চে সশরীর অংশ নিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতা। কিন্তু গত ৩১ অক্টোবর ১১ দলের খুলনা বিভাগীয় লংমার্চে এনসিপির অংশগ্রহণ হয়ে ওঠে ‘প্রতীকী’। দলের শীর্ষ দুই নেতা সেখানে যোগ দেননি।
উল্টো খুলনার লংমার্চের আগের দিন দলীয়ভাবে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এনসিপি। এই কর্মসূচিকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী প্রচার কর্মসূচিও চালায় দলটি। ওই প্রচার কর্মসূচিতে লংমার্চ নিয়ে কোনো কথা বলেননি এনসিপির নেতারা। যদিও আগের দুটি লংমার্চের আগে তাঁদের বেশ সরব দেখা গিয়েছিল।
৩১ অক্টোবরের লংমার্চ ঘিরে আগে-পরের এসব ঘটনা জামায়াতের সঙ্গে জোটসঙ্গী এনসিপির ‘দূরত্বের’ আলোচনা সামনে এনেছে। এনসিপির নীতিনির্ধারকেরা বলছেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় তাঁদের মনে হয়েছে, জামায়াত প্রকৃত বিরোধী দলের ভূমিকা ভুলে গিয়ে সরকারের প্রতি বেশি নমনীয় হয়ে পড়ছে। জামায়াত যাতে সরকার বা ক্ষমতাসীন দলের প্রতি বেশি ‘গদগদ’ হয়ে না পড়ে, সে জন্য দলটিকে চাপে রাখতে চায় এনসিপি।
এনসিপির একজন শীর্ষ নেতার বক্তব্য, ১১–দলীয় ঐক্যে থেকেই জামায়াতকে সমালোচনার মাধ্যমে ‘লাইনে’ (সঠিক পথ) রাখতে চান তাঁরা। এর মধ্য দিয়ে এনসিপি জামায়াতে বিলীন হচ্ছে বলে যে ‘অপপ্রচার’ করা হয়, সেটিও মোকাবিলা করা যাবে। ফলে এনসিপির স্বতন্ত্র পরিচয় অক্ষুণ্ন রাখার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে।
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে প্রকাশ্য সমালোচনা
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন (রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট। বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ১ লাখ ৩১ হাজার ৪০৪।
তবে ওই নির্বাচনের ফল ঘোষণার আগেই অনিয়ম, জাল ভোট এবং পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় জামায়াত। কিন্তু পরদিন দুপুরে ফুলের তোড়া নিয়ে জামায়াতের প্রার্থীর বাসায় যান বিজয়ী বিএনপির প্রার্থী। এ সময় দুজন কোলাকুলি করেন, পরস্পরকে মিষ্টিমুখ করান। এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।
ঠাকুরগাঁওয়ে যখন এ ঘটনা ঘটছিল, তখন ঢাকায় চিত্রটা ছিল উল্টো। ৩০ অক্টোবর দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আগে থেকেই ব্যালট পেপারে সিল মারা, জাল ভোট দেওয়া, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের সচিব ও প্রধান যদি অনিয়মকে অস্বীকার করেন, তাহলে বুঝতে হবে যাঁরা অনিয়ম করেছেন, তাঁদের সঙ্গে সিইসি ও ইসি সচিবের আঁতাত রয়েছে। তাঁরা সাংবিধানিক পদে বসে এই পদের প্রতি সুবিচার করেননি।
জামায়াতের এই ‘দ্বিমুখী’ আচরণের প্রকাশ্য সমালোচনা করেন এনসিপির নেতারা। বিষয়টি নিয়ে প্রথম মুখ খোলেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সমালোচনা করেন সংসদ সদস্য ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও।
৩০ অক্টোবর বিকেলে শাহবাগের গণবিক্ষোভ কর্মসূচিতে আসিফ মাহমুদ বলেন, ‘ঠাকুরগাঁওয়ে একটা উপনির্বাচন হয়েছে। সকাল থেকে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় প্রিসাইডিং অফিসাররা ব্যালটে সিল মেরে রেখেছেন, সেগুলো ধরাও খেয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখি সরকারি প্রার্থী, তারপরে বিরোধী প্রার্থী—তাঁরা একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন। আমাদের গণতন্ত্র খুবই সংকটময় এবং দুরবস্থার একটি সময় পার করছে।’
এনসিপির প্রতিনিধি হিসেবে খুলনার লংমার্চের যশোরের পথসভায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহও ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জামায়াতের ভূমিকার সমালোচনা করেন। যদিও তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি। হাসনাত বলেন, ‘আমরা ঢাকায় বলব ভোটে কারচুপি হয়েছে, আবার ফলাফল মেনে নেব—এ ধরনের বিরোধী দলের ভূমিকা দেখালে হবে না।...আমরা একবার বলব কারচুপি হয়েছে, আবার গিয়ে মিষ্টি খাইয়ে আসব—এ ধরনের বিরোধিতা হতে পারে না।’
আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহর এসব প্রকাশ্য বক্তব্যের পর জামায়াত ও এনসিপির ‘দূরত্ব’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই দলের সমর্থকদের পাল্টাপাল্টি পোস্টও দেখা গেছে।
জামায়াত-সমর্থকদের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি ঢাকার দুই সিটি করপোরেশনের অন্তত একটিতে জামায়াতের সমর্থন চায়। সেই সমর্থন আদায়ের জন্যই এনসিপি জামায়াতের ওপর চাপ তৈরি করতে চাইছে।
তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেন, ‘জামায়াতের কিছু কিছু রাজনৈতিক অবস্থান জনগণের মধ্যে অনাস্থা তৈরি করছে। যেমন মাঠে খুব জোরালো বক্তব্য, আবার সংসদে তার বিপরীত বক্তব্য, শ্রমিক আন্দোলনে সরকারকে ব্লাঙ্ক সাপোর্ট (পূর্ণ সমর্থন)। সে জন্যই আমরা আলাদা অবস্থান নিয়েছি। আমাদের এই অবস্থান মূলত রাজনৈতিক জায়গা থেকেই নেওয়া। এখানে দর-কষাকষির কোনো বিষয় নেই।’
‘দূরত্বের’ নেপথ্যে
জামায়াতের সঙ্গে এনসিপির এই আপাত ‘দূরত্বের’ নেপথ্য কারণ কী, তা জানতে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সাতজন সদস্যের সঙ্গে কথা বলেছে প্রথম আলো।
তাঁরা বলেন, এনসিপির কাছে মনে হয়েছে, জামায়াত প্রথম দুই বছর সেভাবে সরকারকে ডিস্টার্ব (বিরক্ত) করতে চায় না। কিছুটা ‘রয়ে-সয়ে’ এগোতে চায়। কিন্তু এনসিপি এই অবস্থানের সঙ্গে একমত নয়। সেই জায়গা থেকে এনসিপি নিজেদের স্বতন্ত্র টোন (স্বর) বজায় রাখছে। সেটি করতে গিয়ে কখনো কখনো জামায়াতের সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি হচ্ছে।
এনসিপির রাজনৈতিক পর্ষদের একজন সদস্যের ভাষ্য, ‘জামায়াতের দিক থেকে সরকারকে বিভিন্ন ইস্যুতে চাপ দেওয়ার চেষ্টার পর সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনা হলে তারা কিছুটা নমনীয় হয়ে যায়। এর ফলে বিরোধী জোটের অন্য দলগুলোর ওপর একটা প্রভাব পড়ে। জামায়াত যখন সরকারকে চাপ দেয়, অন্য দলগুলোও সেই মুডে (অবস্থানে) থাকে। কিন্তু হঠাৎ নমনীয় হলে অন্য দলগুলো বিব্রত হয়। এই জায়গাটাই আমরা অ্যাড্রেস করতে চাইছি।’
১১ দল কোনো রাজনৈতিক অবস্থান নিলে সেটি জোটভুক্ত সব দলের আলোচনার ভিত্তিতে হতে হবে বলে মন্তব্য করেন এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা। তিনি প্রথম আলোকে বলেন, জামায়াত যখন হঠাৎ করে বিএনপির প্রতি নমনীয় হয়, সেটি যদি অন্য দলগুলো না জানে, তাহলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। সরকারের প্রতি নমনীয় থাকাটা যদি কৌশল হয়, সেটিও জোটের অন্য দলগুলোকে জানাতে হবে।
এনসিপির এমন ধারণা কেন তৈরি হলো, তার পেছনের কিছু কারণও উল্লেখ করেন ওই নেতা। এর মধ্যে রয়েছে বর্তমান সংসদের প্রথম অধিবেশনে গত ৩১ মার্চ বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সংবিধান সংস্কারে বিশেষ কমিটির দাবি। সেখানে তিনি সরকারি ও বিরোধী দলের সমানসংখ্যক সদস্য রাখার প্রস্তাব করেছিলেন। এ ছাড়া চলমান জ্বালানিসংকট বর্তমান সরকারের সৃষ্টি নয়—গত ৭ সেপ্টেম্বর সংসদে শফিকুর রহমানের এমন বক্তব্যেও বিব্রত হয়েছে এনসিপি। সাম্প্রতিক শ্রমিক আন্দোলন নিয়ে জামায়াত প্রথমে যে অবস্থান নিয়েছিল, সেটিও সঠিক ছিল না বলে মনে করে দলটি।
জামায়াত যাতে বিরোধী দলের ভূমিকা যথাযথভাবে পালন করে, সে জন্য দলটির ওপর চাপ রাখার কৌশলের কথা উল্লেখ করেন এনসিপির নেতারা। তাঁরা বলেন, এনসিপি প্রকৃত বিরোধী রাজনীতি করতে চায়। এনসিপির চাপের কারণে অনেক ক্ষেত্রে জামায়াতের আগের অবস্থান বদলেছে বলেও দাবি করেন তাঁরা।
তবে জামায়াতের ওপর চাপ তৈরি করলেও এনসিপি ১১–দলীয় ঐক্য ছাড়ছে না। এ বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রথম আলোকে বলেন, ‘জোট ভাঙা বা ফাটল তৈরি করা সরকারি এজেন্ডা। আমরা এই ফাঁদে পা দিচ্ছি না।’
যুগান্তর
দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ‘১৫ লাখ কর্মসংস্থানের আশা ফিকে’। প্রতিবেদনে বলা হয়, ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের খনিজ মেগা প্রকল্প ‘কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র’। এই প্রকল্পটি থেকে প্রতিবছর সরকারের রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে ১০ বিলিয়ন মার্কিন ডলার বা ১ লাখ ২০ হাজার কোটি টাকা। এটির বাস্তবায়ন হলে কুড়িগ্রামের অবহেলিত ১৫ লাখ মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ মিলবে। কিন্তু বিপুল সম্ভাবনাময় প্রকল্পটি আলোর মুখ দেখার আগেই ফাইলবন্দি হতে চলেছে। মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে সচিবালয়ের তথ্যের সমন্বয়হীনতার কারণে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা যায়, বিপুল অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও ১৯ জুলাই জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক অভ্যন্তরীণ সমন্বয় সভায় আকস্মিক বিপত্তি ঘটে। সভার কার্যবিবরণীর ১০ নম্বর আলোচ্যসূচিতে উল্লেখ করা হয়, ‘জেলা প্রশাসনের প্রতিবেদনে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য ব্যয়ের তুলনায় সরকারের প্রাপ্তি উল্লেখযোগ্য হবে না বলে অভিমত দেওয়া হয়েছে।’ তবে মাঠপর্যায়ে অনুসন্ধানে মেলে চাঞ্চল্যকর তথ্য। কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে এমন কোনো নেতিবাচক বা ‘প্রকল্পবিরোধী’ প্রতিবেদন আদৌ পাঠানো হয়নি। মূলত গত বছরের ৫ মার্চ কুড়িগ্রাম সদর, চিলমারী ও রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তারা জমি অধিগ্রহণের যাবতীয় ইতিবাচক তথ্য-উপাত্ত ও নকশা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন। ফলে মন্ত্রণালয়ের নথিতে জেলা প্রশাসনের নামে এই কাল্পনিক বা বিকৃত নেতিবাচক বক্তব্য কীভাবে অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ কুড়িগ্রাম জেলা প্রশাসকের পাঠানো কোনো নেতিবাচক চিঠি নেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।
ব্রহ্মপুত্র-যমুনার বালুতে মূল্যবান খনিজ: বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) গবেষণায় দেখা গেছে, হিমালয় অববাহিকা থেকে কুড়িগ্রামের ওপর দিয়ে ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে প্রতিবছর প্রায় এক বিলিয়ন টন নবায়নযোগ্য বালু আসে। এই বালু মূলত মূল্যবান খনিজ সম্পদের এক অফুরন্ত ভান্ডার। এখানকার বালুতে নানা মূল্যবান খনিজ পেয়েছে জিএসবি। খনিজগুলো হলো-গারনেট ও কোয়ার্টজ, ম্যাগনেটাইট, জিরকন, ইলমেনাইট ও রুটাইল। এসব খনিজ পদার্থ দিয়ে বিশ্বজুড়ে উৎপাদন হয় টাইটানিয়াম আকরিক, যা রং, ওষুধ, প্লাস্টিক এবং ওয়েল্ডিং রড তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া সিরামিক শিল্প, পারমাণবিক প্রযুক্তি, আধুনিক মহাকাশযান ও উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্সে ব্যবহৃত হয় এসব খনিজ উপদান। এছাড়া ইস্পাত কারখানা ও খনির যন্ত্রপাতি তৈরিতেও ব্যবহৃত হয় এসব খনিজ। এমনকি অলংকার শিল্প, ওয়াটার জেট কাটিং, কম্পিউটার মাইক্রোচিপ, ঘড়ি ও চিকিৎসা যন্ত্রাংশের অন্যতম কাঁচামাল এসব খনিজ থেকে আসে।
৫০ বছরের মহাপরিকল্পনা ও প্রস্তুতি: অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের ১১ জুন জিএসবিতে প্রকল্পটির ওপর একটি নীতিনির্ধারণী মতবিনিময় সভা হয়। সেখানে ২০২৬ থেকে ২০৭৫ সাল পর্যন্ত সুদূরপ্রসারী ৫০ বছরের একটি মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়। এর লক্ষ্য যমুনা-ব্রহ্মপুত্রের অববাহিকাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম খনিজ-প্রযুক্তি ও শিল্পভিত্তিক অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা।
পরিকল্পনা অনুযায়ী, কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ১৫ একর জমির ওপর একটি পাইলট রিসার্চ প্ল্যান্ট এবং রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় ১০ একর জমিতে মূল গবেষণা কেন্দ্রটি (মিনারেল স্যান্ডস রিসার্চ হাব) স্থাপনের রূপরেখা চূড়ান্ত করা হয়। এতে রেয়ার আর্থ এলিমেন্টস (বিরল মৃত্তিকা উপাদান) গবেষণা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, স্কাডা, স্মার্ট মাইনিং এবং একটি সমৃদ্ধ ‘জিওলজিক্যাল বিগ ডাটা সেন্টার’ গড়ে তোলার বৈপ্লবিক উদ্যোগ যুক্ত ছিল। ইতোমধ্যে গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটির জমি জরিপ ও সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন শেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
মুখোমুখি সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধি: কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ মন্ত্রণালয়ের দাবিটি নাকচ করে দিয়ে বলেন, ‘আমার যোগদানের আগে সাবেক বালু গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্য জমির তথ্য-উপাত্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু ১৯ জুলাইয়ের সভায় জেলা প্রশাসনের যে নেতিবাচক অভিমতের কথা উল্লেখ করা হয়েছে, এই ধরনের কোনো প্রতিবেদন কখনোই পাঠানো হয়নি। প্রকল্পটি বাস্তবায়িত হলে নাগরিকদের আর্থসামাজিক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।’
কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক বলেন, জমির সম্ভাব্যতা ও কার্যকারিতা যাচাই শেষ করে প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে অনেক আগেই পাঠিয়েছি। জিএসবির উপপরিচালক (ভূতত্ত্ব) ড. সোহেল রানা বলেন, বালু থেকে হেভি ও লাইট মিনারেল আলাদা করতে পারলে আমদানিনির্ভরতা কমিয়ে দেশে টাইটানিয়াম ও জিরকোনিয়াম-ভিত্তিক বিশাল ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প গড়ে উঠবে। জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি শফিকুল ইসলাম বেবু ক্ষোভ প্রকাশ করে বলেন, মেগা প্রকল্পটি শুরুই হলো না, অথচ মন্ত্রণালয় কীভাবে বলতে পারে লাভ না ক্ষতি হবে? আমরা দ্রুত এর বাস্তবায়ন চাই। খনিজসম্পদ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পালটাপালটি অবস্থানের বিষয়ে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের বিষয়টি আমার জানা নেই। তবে বালু গবেষণা কেন্দ্র স্থাপন নিয়ে যদি কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা তথ্যের বিভ্রান্তি থাকে, তা দ্রুত নিরসনের ব্যবস্থা নেব।’
কালের কণ্ঠ
‘অনুমোদনহীন প্ল্যান্টের নামে যন্ত্রপাতি আমদানিতে ভয়াবহ শুল্ক ফাঁকি’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, রিফাইনারি নির্মাণের সরকারি অনুমোদন নেই। চালুর অনুমতিও মেলেনি। এর পরও স্পর্শকাতর জ্বালানি খাতে আইন ও সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি তাদের জ্বালানি তেল পরিশোধনাগার (রিফাইনারি) নির্মাণের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে। অনুমোদনহীন এই প্ল্যান্টের নামে আমদানি করা যন্ত্রপাতিতে শত শত কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে। একটি পরিশোধনাগার নির্মাণে অন্তত ৩২টি সরকারি অনুমোদন প্রয়োজন। এসব অনুমোদন না নিয়েই কারখানার যন্ত্রপাতি আমদানি করা হয়েছে।
অনুমোদনহীন একটি কারখানায় এভাবে যন্ত্রপাতি আমদানির ঘটনায় কাঁচামাল আমদানিতেও নিরাপত্তাঝুঁকির আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সরকারি অনুমোদন ছাড়াই কিভাবে এত বড় একটি স্পর্শকাতর শিল্প প্ল্যান্টের নির্মাণকাজ অব্যাহত রাখা সম্ভব হলো এবং তা বন্ধে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্ন উঠেছে। সরকারি মূল অনুমোদন বা রিফাইনিং লাইসেন্সই যেখানে অনুপস্থিত, সেখানে কিভাবে বিপুল পরিমাণ কৌশলগত কাঁচামাল আমদানির অনুমতি চাওয়া সম্ভব—তা নিয়ে নীতিনির্ধারণী মহলে তোলপাড় শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি অনুমোদন ছাড়া রিফাইনারি নির্মাণ ও পরিচালনার উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সরকারি নথিপত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে অনুসন্ধানে উঠে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান টিকে গ্রুপের ‘সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি’র এই চাঞ্চল্যকর ও বিতর্কিত তৎপরতার বিস্তারিত চিত্র।
কালের কণ্ঠের অনুসন্ধানে জানা গেছে, একটি তেল পরিশোধনাগার নির্মাণে বিপিসি/বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও চূড়ান্ত ছাড়পত্র (ইআইএ), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন, কলকারখানা অধিদপ্তরের লে-আউট ও নিরাপত্তা অনুমোদন, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের বিশেষ পারমিট এবং এনবিআরের কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, ভ্যাট নিবন্ধনসহ ৩০টির বেশি অনুমোদন লাগে। কিন্তু এসব অনুমোদন ছাড়াই কিভাবে একটি পরিশোধন কারখানার নির্মাণকাজ শুরু হলো, তার কোনো সদুত্তর দিতে পারছেন না খোদ বিপিসির কর্মকর্তারাও। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কিছু অসৎ কর্মকর্তার সঙ্গে অবৈধ লেনদেনের মাধ্যমে এই অসাধ্য সাধন করা হচ্ছে।
যন্ত্রাংশ আমদানির আড়ালে কোনো চোরাচালান হয়েছে কি না, কিংবা অবৈধ কোনো পণ্য আনা হয়েছে কি না, তা-ও যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়নি।
কাস্টমসসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর অনুমোদন ছাড়াই এসব যন্ত্রাংশ ও মালপত্রের আড়ালে কী এসেছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এতে শত শত কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগও উঠেছে।
সূত্র জানায়, অনুমোদন না থাকলেও বড় একটি মহলের চাপে প্রভাব খাটিয়ে এই পরিশোধন কারখানার অনুমোদন দেওয়ার পাঁয়তারা চলছে।
অনুসন্ধানে জানা গেছে, শুধু নির্মাণকাজ অব্যাহত রাখাই নয়, অনুমোদনহীন ও অবৈধভাবে নির্মিত ওই প্ল্যান্টে পরিশোধনের জন্য বছরে ১২ লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানির আবেদনও করেছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। দেশের সরকারি একক তেল বিতরণ ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে এই আবেদন করা হয়েছে। এর মধ্যে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড আমদানির অনুমতি চাওয়া হয়েছে।
উদ্বেগজনক বিষয় হচ্ছে, আমদানির অনুমতি পাওয়ার কৌশল হিসেবে প্রতিষ্ঠানটি ‘কনডেনসেট’ ও ‘লাইট ক্রুড’-এর সংজ্ঞাগত ও গুণগত সূক্ষ্ম পার্থক্যকে আড়াল করে দুটিকে সমার্থক হিসেবে উপস্থাপন করেছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও নথিপত্র পেশ করে সরকারের নিয়ন্ত্রক সংস্থাকে বিভ্রান্ত করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ তুলেছেন বিশেষজ্ঞরা।
অনুসন্ধানে পাওয়া নথিতে আরো দেখা গেছে, প্রতিষ্ঠানটি একদিকে কনডেনসেটকে ‘লাইট ক্রুড’ হিসেবে উল্লেখ করে আমদানির আবেদন করেছে, অন্যদিকে কয়েক মাস আগে জ্বালানি মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে একই প্ল্যান্টে সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড অথবা সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড পরিশোধনের পরিকল্পনার কথা জানিয়েছে। অর্থাৎ একই প্ল্যান্ট ও একই প্রকল্প নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে দেওয়া চিঠিতে উঠে এসেছে ভিন্ন ভিন্ন তথ্য।
সরকারি নথিপত্র, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে এবং সরেজমিন অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে। চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান টিকে গ্রুপের সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির এই তৎপরতা নিয়ে জ্বালানি খাতে উদ্বেগ তৈরি হয়েছে।
অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড আমদানির আবেদন: সরেজমিনে গিয়ে দেখা গেছে, চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি সরকারি কোনো রিফাইনারি লাইসেন্স না থাকার পরও একটি বৃহৎ ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) বা অপরিশোধিত তেল পরিশোধনাগার স্থাপন করছে। গত ২৭ অক্টোবর ২০২৬ বিপিসির চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে সুপার পেট্রোকেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ২০২৭ পঞ্জিকা বর্ষের জন্য মোট ১২ লাখ টন অপরিশোধিত তেল আমদানির অনুমতি চেয়েছেন। এর মধ্যে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড।
চিঠিতে বলা হয়, আমদানি করা এই কাঁচামাল তাদের নির্মীয়মাণ নতুন প্ল্যান্টে পরিশোধন করে উৎপাদিত পেট্রোলিয়াম পণ্য বিপিসিকে সরবরাহ করা হবে। কিন্তু নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, এই আবেদন করার সময়ও প্ল্যান্টটির রিফাইনারি লাইসেন্স বা চালুর সরকারি অনুমোদন পাওয়ার তথ্য নেই।
এর আগে গত ১৪ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে দেওয়া চিঠিতে প্রতিষ্ঠানটি জানায়, দৈনিক ৩৫ হাজার ব্যারেল পরিশোধনক্ষমতার প্ল্যান্টটি লাইট ক্রুড পরিশোধনের উপযোগী করে নির্মাণ করা হচ্ছে। এ জন্য বছরে ২০ লাখ টন সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড অথবা সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড আমদানির আগ্রহ প্রকাশ করা হয়।
অর্থাৎ জুলাইয়ের চিঠিতে যে কাঁচামালের কথা বলা হয়েছিল, অক্টোবরের আবেদনে তার সঙ্গে যোগ হয়েছে আট লাখ টন হেভি ক্রুড। অর্থাৎ একই সঙ্গে কনডেনসেট ও লাইট ক্রুডকে একইভাবে উপস্থাপন করা হয়েছে।
সমকাল
দৈনিক সমকালের প্রধান শিরোনাম ‘কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক’। খবরে বলা হয়, প্রথমে নিয়ম লঙ্ঘন করে কৃষকের ১০ হাজার টাকার ঋণ সুদে-আসলে লাখ টাকা বানানো হয়েছে। এখন তা ২০ হাজার টাকায় নামিয়ে ঋণ মওকুফের জন্য সরকারের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। বাড়তি সুদ, যা আগে ব্যাংকের আয় খাতে দেখানো হয়েছিল, এখন তা মওকুফ করে ব্যাংক নিজের পুরোনো অনিয়মও আড়াল করছে। নিয়ম অনুযায়ী, ঋণের সুদ আয় খাতে নিলে রাষ্ট্রীয় ব্যাংক তা মওকুফ করতে পারে না।
এ প্রক্রিয়ায় ব্যাংকটি দীর্ঘদিনের পুরোনো এবং কোনো কোনো ক্ষেত্রে অস্তিত্বহীন কিছু ঋণও মওকুফ করেছে। এতে অনিয়মে জড়িত কর্মকর্তারাও দায়মুক্তির সুযোগ পেতে যাচ্ছেন।
সরকারের কৃষিঋণ মওকুফের জনকল্যাণমূলক সিদ্ধান্তকে কাজে লাগিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক এ কাজ করছে। তারা একে নিজেদের আর্থিক হিসাব পরিষ্কার করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
বাংলাদেশ ব্যাংকের ১৯৯৩ সালের নির্দেশনা অনুযায়ী, সুদসহ ঋণ মূল ঋণের দ্বিগুণ হলে নতুন করে সুদ আরোপ করা যাবে না। কৃষি ব্যাংকে এই নির্দেশনা মানা হচ্ছে না। তারা ১০ হাজার টাকার ঋণে সুদ ও নতুন ঋণ সৃষ্টি করে এই অঙ্ক এক থেকে দেড় লাখ টাকা নিয়ে গেছে এবং ওই অর্থ ব্যাংকের আয় খাতে দেখিয়ে আসছে।
সমকালের অনুসন্ধানে দেখা গেছে, এই অনিয়ম ব্যাংকের কয়েকটি শাখার বিচ্ছিন্ন ঘটনা নয়। পর্ষদ, প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও শাখা পর্যায়ের ভূমিকা, ম্যানুয়ালি আবেদন পাঠানোর নির্দেশ এবং বিশেষ কমিটি– সব মিলিয়ে এটা ঘটেছে প্রাতিষ্ঠানিকভাবে।
অবশ্য কৃষি ব্যাংক দাবি করেছে, ১৯৯৩ সালের নির্দেশনা অনুযায়ী তারা কৃষিঋণের সুদ হিসাব করেছে। ঋণ দ্বিগুণ হওয়ার পর আর কোনো সুদ আরোপ করা হয়নি। যথাযথভাবে সুদ মওকুফ করা হয়েছে। ব্যাংকটি জানিয়েছে, ২০২১ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের এক হাজার ৩৮টি শাখার সবগুলো অনলাইন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে।
অনুসন্ধান যা বলছে
টাঙ্গাইলের সখিপুর উপজেলার গৌরগোবিন্দপুরের বাসিন্দা রফিকুল ইসলামের নামে বাংলাদেশ কৃষি ব্যাংকের সখিপুর শাখায় এক লাখ ৫৪ হাজার ৫৫৯ টাকার ঋণ ছিল। মওকুফ কর্মসূচির আওতায় ২০ হাজার টাকা দেখিয়ে এ ঋণ নিষ্পত্তি করেছে ব্যাংক।
একইভাবে কক্সবাজারের কুতুবদিয়া শাখায় জয়ন্ত কুমার দাশের ৯৪ হাজার ৭৩ টাকার ঋণ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর শাখায় শহীদ মিয়ার এক লাখ তিন হাজার ৫৫০ টাকার ঋণও এই সুবিধার আওতায় নিষ্পত্তি হয়েছে। এই ঋণ তিনটি নিষ্পত্তি করতে কৃষি ব্যাংককে তিন লাখ তিন হাজার ৬০ টাকা আয় খাত থেকে বিকলন (ইনকাম ডেবিট) করতে হয়েছে। এটা বিধিবহির্ভূত।
দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গত ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত হয়। শুরুতে সরকারের সিদ্ধান্ত ছিল, বাংলাদেশ ব্যাংক প্রতিটি ঋণ নিরীক্ষা করে সরকারের কাছে পাঠাবে। নিরীক্ষিত অংশের দায় সরকার সংশ্লিষ্ট ব্যাংককে পরিশোধ করবে। এভাবে নিরীক্ষা করে ১৪ লাখের বেশি কৃষকের দায় নিষ্পত্তি করতে অনেক সময় লাগবে। এমন বিবেচনায় আগে অর্থ পরিশোধ করে পরে নিরীক্ষা করার সিদ্ধান্ত হয়।
কেন এই অনুসন্ধান
‘ঋণ জালিয়াত চক্রের কবলে কয়েক হাজার শ্রমজীবী’ শিরোনামে গত ৩ আগস্ট সমকালে প্রধান প্রতিবেদন ছাপা হয়। তাতে দেখা যায়, স্থানীয় দালাল ও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বাংলাদেশ কৃষি ব্যাংকে দিনমজুর, জেলে, রিকশাচালকসহ কয়েক হাজার প্রান্তিক শ্রমজীবীর বিপুল অঙ্কের ঋণ তোলা হয়। এদের মধ্যে অনেকে তাঁর নামে ঋণ হওয়ার বিষয় জানতেন না। একটা অংশকে সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে বড় অংশ দালাল ও ব্যাংকের অসাধু কর্মকর্তারা ভাগ করে নেন। সুদে-আসলে যা এখন বিশাল দায়ে পরিণত হয়েছে।
ওই প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন অঞ্চল থেকে কৃষিঋণের সুদ মওকুফ বিষয়ে নানা তথ্য আসতে থাকে সমকালের হাতে। তা নিয়ে আবার মাঠে নামেন এই প্রতিবেদক।
ইত্তেফাক
‘তত্ত্বাবধায়কের রূপরেখা নিয়ে জটিলতা, উচ্চকক্ষ নিয়ে দ্বিধা’—এটি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ এ বছরের ডিসেম্বরের মধ্যেই সংসদে প্রতিবেদন দেওয়ার প্রস্তুতির কথা জানালেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। এ পর্যন্ত কমিটি মোট ১০টি বৈঠক করলেও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রূপরেখা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিশেষ করে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে বহুমত রয়েছে। সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়েও কমিটি এখনো দ্বিধায়। কারণ, বাংলাদেশের মতো দেশে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ আদৌ প্রয়োজন রয়েছে কিনা, কিংবা এটা কতটা বাস্তবসম্মত, ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠেছে। কমিটির আমন্ত্রণে মতবিনিময়ে অংশ নিয়ে দেশের বিশিষ্ট নাগরিকদের কেউ কেউ এই প্রশ্ন তুলে বলেছেন- উচ্চকক্ষ গঠন করা হলে শুধু খরচ বাড়বে কি-না সেটিও ভেবে দেখা প্রয়োজন।
বিশেষ কমিটি ডিসেম্বরের মধ্যেই সংসদে প্রতিবেদন দেওয়ার আশা করলেও কার্যত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও সংসদের উচ্চকক্ষের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় তা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার বেলা সাড়ে ৩টায়। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। তবে, স্পিকার চাইলে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।
১৮ নভেম্বর অধিবেশন শেষ হলে এরপর সংসদ বসবে আগামী বছরের জানুয়ারিতে। যা হবে সংসদের শীতকালীন ও ইংরেজি নতুন বছর ২০২৭-এর প্রথম অধিবেশন। ঐ অধিবেশনে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি বিল আকারে সংসদে প্রতিবেদন দিতে পারে বলে জানা গেছে। যেহেতু বছরের প্রথম অধিবেশনটি দীর্ঘ হবে, তাই ঐ অধিবেশনেই আসতে পারে সংবিধানের ১৮তম সংশোধনী বিল।
অন্যদিকে, সরকারি দলের পক্ষ থেকে বিশেষ কমিটিতে পাঁচ জনের নাম দিতে বলা হলেও বিরোধীদল শুরু থেকেই তা প্রত্যাখান করেছে। প্রধান বিরোধীদল জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কমিটিতে নাম দেবে না। কারণ, বিরোধীদল সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কারের পক্ষে। তবে, বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুরু থেকেই বলছেন, বিরোধীদল যখনই নাম দেবে তখনই তারা স্বাগত জানাবেন। এমনকি, বিশেষ কমিটিতে নাম না দিলেও সংসদে যখন সংবিধান সংশোধন বিল আসবে তখন বিরোধীদল তাতে আলোচনায় অংশ নেবে বলেও আশা সালাহউদ্দিন আহমদের। গতকাল কার্যউপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বিরোধীদল ঐকমত্যে না এলে সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই সংবিধান সংশোধন বিল পাশ হবে।
গত ২৭ সেপ্টেম্বর সংসদ ভবনে বিভিন্ন পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, কমিটি যাদের মতামত নিচ্ছে তাদেরকে প্রয়োজনে লিখিতভাবেও মতামত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। মতামতগুলো সংকলিত করে পুস্তক আকারে বের করা হবে। আর বিশেষ কমিটি সংসদে যে প্রতিবেদন দেবে সেটি বিলের মতো করেই তৈরি করে দেবে। পরবর্তীতে আইন মন্ত্রণালয় সেখানে ভাষা ও শব্দগুলো ঠিকঠাক করে বিল আকারে সংসদে আনবে।
তত্ত্বাবধায়কের রূপরেখা ও প্রধান উপদেষ্টা বাছাই নিয়ে যে জটিলতা
বিশেষ কমিটির গত ২৮ অক্টোবরের বৈঠক শেষে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করতেই হবে। কোন প্রক্রিয়ায় গঠন করা হবে, এর রূপরেখা কী হবে, কীভাবে করা হলে এটা বিতর্কিত হবে না-এগুলো সবই কমিটি পরীক্ষা করবে। এরপর সংসদে বিল আসার পরেও এ বিষয়ে বিতর্ক হবে, অনেক পরামর্শ-প্রস্তাব আসতে পারে। তিনি বলেন, বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে এখন পর্যন্ত বিভিন্ন বৈঠকে অনেক রকমের পরামর্শ পেয়েছে। এগুলো সমন্বিত করে কমিটি বৈঠকে আলোচনা করবে। কমিটি এ বিষয়ে এখনো সিদ্ধান্তের পর্যায়ে আসতে পারেনি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা নেই। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। তবে, এই সরকার গঠনের পদ্ধতি কী হবে, কোন প্রক্রিয়ায় এই সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে—তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।
একটি সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাচন করার প্রস্তাবে জুলাই সনদে ঐকমত্য আছে। তবে, বাছাই প্রক্রিয়া নিয়ে কোনো কোনো জায়গায় রাজনৈতিক মতভিন্নতাও আছে। এমন পরিস্থিতিতে এখন বিশেষ কমিটি তত্ত্বাবধায়কের রূপরেখা কেমন হতে পারে, তা নিয়ে অংশীজনদের কাছ থেকে প্রস্তাব নিচ্ছে। ইতিমধ্যে একটি নতুন ধারণাও তারা পেয়েছে। যদি উচ্চকক্ষের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয়, তাহলে এই সরকার গঠনের যে উদ্দেশ্য, তা পূরণ হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, তিনি হবেন রাজনৈতিক ব্যক্তি। এতে নতুন করে জটিলতা বৃদ্ধির আশঙ্কা দেখা দিতে পারে।
নয়া দিগন্ত
দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম ‘সপ্তাহে ফিরছে ৫০০ বাংলাদেশী’। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে বসবাস ও কর্মসংস্থানসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে বিদেশী কর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশী কর্মীদের ওপরও। বিভিন্ন সূত্রের হিসাবে, গড়ে প্রতি সপ্তাহে প্রায় ৫০০ বাংলাদেশীকে বিভিন্ন প্রক্রিয়ায় সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তবে সৌদি সরকারের প্রকাশিত সাপ্তাহিক পরিসংখ্যানে বহিষ্কৃতদের জাতীয়তাভিত্তিক পূর্ণাঙ্গ হিসাব না থাকায় এই সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক অভিযানসংক্রান্ত তথ্য পরিস্থিতির ব্যাপকতা তুলে ধরছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত ৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে দেশজুড়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত ১১ হাজার ৫৮৭টি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে। একই সময়ে ৪১ হাজার ১০৬ জন বিদেশী নাগরিকের বিরুদ্ধে আইন প্রয়োগের প্রক্রিয়া চলছিল। তাদের মধ্যে ৯ হাজার ৫৮৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই ফেরত পাঠানো ব্যক্তিদের সবাই বাংলাদেশী নন; তারা বিভিন্ন দেশের নাগরিক।
অন্যদিকে, বাংলাদেশী কর্মীদের ফেরত আসার যে সাপ্তাহিক গড়ের কথা বলা হচ্ছে তা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে পাওয়া। তা দূতাবাস, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে না। কারণ সৌদি আরবে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, আটক, দেশে ফেরার নির্দেশ এবং চূড়ান্ত বহিষ্কার- এগুলো পৃথক পর্যায়। সব আটক ব্যক্তিকে বহিষ্কার করা হয় না; আবার আইনগত জটিলতা, ভ্রমণ নথি ও অন্যান্য প্রশাসনিক কারণে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও দীর্ঘায়িত হতে পারে।
বাংলাদেশের সবচেয়ে বড় বিদেশী শ্রমবাজার সৌদি আরব। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে সাত লাখ ৫২ হাজার ৭১৫ জন কর্মী সৌদি আরবে গেছেন। একই বছর বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন প্রায় ১১ লাখ ১৭ হাজার কর্মী। অর্থাৎ ওই বছর বিদেশে যাওয়া বাংলাদেশী কর্মীদের প্রায় ৬৭ শতাংশের গন্তব্য ছিল সৌদি আরব। ফলে দেশটির অভিবাসন ও শ্রম আইন প্রয়োগের পরিবর্তন বাংলাদেশের কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা আয় এবং লাখ লাখ পরিবারের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলতে পারে।
এক সপ্তাহে ১১ হাজার ৫৮৭টি আইন লঙ্ঘন
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত শনাক্ত ১১ হাজার ৫৮৭টি আইন লঙ্ঘনের ঘটনার মধ্যে ছয় হাজার ৪৩টি আবাসন বা রেসিডেন্সি আইনসংক্রান্ত, তিন হাজার ১৯১টি সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত এবং দুই হাজার ৩৩৫টি শ্রম আইনসংক্রান্ত।
একই সময়ে দেশটিতে ৪১ হাজার ১০৬ জন বিদেশী নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছিল। তাদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং দুই হাজার ২৯৩ জন নারী। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সাথে যোগাযোগ করে বৈধ ভ্রমণ নথি সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে। ৯ হাজার ১৩৯ জনকে দেশে ফেরার ব্যবস্থা সম্পন্ন করতে বলা হয়েছে। আর ৯ হাজার ৫৮৯ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় এক হাজার ৬৭৮ জনকে আটক করা হয়েছে। দেশটি থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার অভিযোগে আটক হয়েছেন ১৮ জন। এই পরিসংখ্যান সৌদি আরবে অভিবাসন ও শ্রম আইন প্রয়োগের কঠোরতা এবং নিয়মিত অভিযানের ব্যাপ্তি নির্দেশ করে।
তবে ১১ হাজার ৫৮৭টি আইন লঙ্ঘনের ঘটনা এবং ৯ হাজার ৫৮৯ জনের প্রত্যাবাসনকে একই ধরনের পরিসংখ্যান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। প্রথমটি শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের ঘটনা, দ্বিতীয়টি বিভিন্ন দেশের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর সংখ্যা। বাংলাদেশীদের বহিষ্কারের প্রকৃত চিত্র জানতে পৃথক জাতীয়তাভিত্তিক তথ্য প্রয়োজন।
আকামা সঙ্কটের পেছনে কারা?
সৌদি আরবে বিদেশী কর্মীদের বৈধভাবে বসবাস ও কাজ করার জন্য আকামা এবং সংশ্লিষ্ট কর্মানুমতি প্রয়োজন। আকামা কেবল পরিচয়পত্র নয়; এটি কর্মীর বৈধ অবস্থান, নিয়োগকর্তা এবং কর্মসংস্থানের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি। চাকরি পরিবর্তন, নিয়োগকর্তা পরিবর্তন কিংবা প্রতিষ্ঠানের অধীনে কর্মীর অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে সৌদি আরবের নির্ধারিত বিধি অনুসরণ করতে হয়।
কিন্তু বাস্তবে অনেক বাংলাদেশী কর্মী সৌদি আরবে যাওয়ার পর প্রতিশ্রুত কর্মস্থলে কাজ পান না। কেউ নির্ধারিত নিয়োগকর্তার পরিবর্তে অন্যত্র কাজ করতে বাধ্য হন। আবার কোনো কোনো নিয়োগকর্তা কর্মীর আকামা নবায়ন করেন না, বেতন আটকে রাখেন কিংবা কর্মীকে দায়িত্বহীনভাবে ছেড়ে দেন। ফলে কর্মী একপর্যায়ে অনিয়মিত অবস্থায় পড়ে যান।
বণিক বার্তা
‘প্রযুক্তি ও মজুরির টানে বাড়ছে পুরুষ, কমেছে নারী শ্রমিক’—এটি দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, আশির দশকে দেশের তৈরি পোশাক শিল্পের শ্রমশক্তির প্রায় ৮০ শতাংশই ছিলেন নারী। রফতানিমুখী এ শিল্পের বিকাশে তাদের অবদানই সবচেয়ে বেশি। তবে চার দশকের ব্যবধানে বদলে গেছে শিল্পের শ্রমবাজারের চিত্র। উৎপাদন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শ্রমিক নিয়োগের ধরনে পরিবর্তন এবং মজুরি ও অন্যান্য আর্থিক সুবিধার কারণে এ খাতে বাড়ছে পুরুষ শ্রমিকের অংশগ্রহণ। বিপরীতে কমছে নারীর কর্মসংস্থান। বিভিন্ন পরিসংখ্যান ও জরিপেও উঠে এসেছে শ্রমশক্তির এ পরিবর্তনের চিত্র।
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, ১৯৮০ সালে পোশাক শ্রমিকদের মধ্যে নারী ছিলেন প্রায় ৮০ শতাংশ। পরবর্তী দেড় দশকেও এ হার ছিল প্রায় একই। এরপর ধীরে ধীরে কমতে থাকে নারী শ্রমিকের অংশগ্রহণ। ১৯৯৫ সালে তা নেমে আসে ৭৬ শতাংশে ও ২০০৫ সালে ৭০ শতাংশে। ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, ২০১০ সালে পোশাক শিল্পে নারী শ্রমিকের অংশ ছিল ৬৩ দশমিক ৪ শতাংশ।
বিজিএমইএর সর্বশেষ ২০২৫-২৬ সালের জরিপেও এ নিম্নগামী প্রবণতা দেখা যাচ্ছে। সংগঠনটির পরিবেশ, সামাজিক ও সুশাসনবিষয়ক তথ্য প্রকাশের প্লাটফর্মে প্রকাশিত উপাত্ত অনুযায়ী, জরিপের আওতায় আসা ৩২৬টি কারখানার শ্রমিকদের মধ্যে নারী ছিলেন ৫৪ দশমিক ২ শতাংশ। এসব কারখানায় মোট শ্রমিক সংখ্যা ৫ লাখ ৮৪ হাজারের বেশি। তবে সংগঠনটির ডেটাবেজের হিসাব অনুযায়ী, দেশের পোশাক শিল্পে বর্তমানে শ্রমিকের সংখ্যা ৩৭-৩৮ লাখের মতো। তাদের মধ্যে নারী শ্রমিকের অংশ প্রায় ৬৫ শতাংশ।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের (সিইডি) উদ্যোগে পরিচালিত ‘ম্যাপড ইন বাংলাদেশ’ (এমআইবি) প্রকল্পের তথ্যভাণ্ডারেও নারী শ্রমিকের অংশ ৫৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। প্রকল্পটির আওতায় দেশের ৩ হাজার ৩২০টি রফতানিমুখী পোশাক কারখানার প্রায় ৩০ লাখ শ্রমিকের তথ্য তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে নারী শ্রমিকের সংখ্যা ১৭ লাখের কিছু বেশি।
সরকারি পরিসংখ্যানেও উঠে এসেছে পোশাক শিল্পে নারী শ্রমিকের কর্মসংস্থান কমে আসার চিত্র। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপের তথ্য ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সমন্বিত হিসাব বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পলিসি ল্যাব। তারা দেখিয়েছে, ২০১৬-১৭ সালের তুলনায় ২০২৪ সালে তৈরি পোশাক খাতে নারী শ্রমিকের কর্মসংস্থান কমেছে প্রায় ২ লাখ ২৬ হাজার।
অবশ্য বিবিএসের শ্রমশক্তি জরিপ, বিজিএমইএর সদস্য কারখানার জরিপ এবং এমআইবি প্রকল্পের তথ্যের আওতা ও বিশ্লেষণ পদ্ধতি এক নয়। ফলে বিভিন্ন উৎসের উপাত্তে নারী শ্রমিকের অংশগ্রহণের হারে পার্থক্য রয়েছে। তবে সবক’টি উৎসেই দীর্ঘমেয়াদে নারী শ্রমিকের অংশ কমে আসার প্রবণতা স্পষ্ট।
পোশাক শিল্পে কেন কমছে নারী শ্রমিকের অংশগ্রহণ—এ প্রশ্নের উত্তরে পারিবারিক দায়িত্ব, শিশুযত্নের সংকট, কর্মপরিবেশ, মজুরি ও প্রযুক্তিগত পরিবর্তনকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছেন গবেষক ও খাতসংশ্লিষ্টরা। জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভের যৌথ গবেষণায় দেখা গেছে, সন্তান দেখাশোনা, গর্ভধারণ, বয়স এবং পরিবার ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে না পারার কারণে অনেক নারী পোশাক শ্রমিক চাকরি ছেড়ে দেন। ২০২২ সালে ৩৩৭টি কারখানা এবং বর্তমান, সাবেক ও সম্ভাব্য নারী শ্রমিকদের ওপর জরিপ ও সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়।
নারী শ্রমিকদের কর্মসংস্থান ধরে রাখার ক্ষেত্রে পারিবারিক দায়িত্বের পাশাপাশি কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধার ঘাটতিকেও বড় বাধা হিসেবে দেখছেন শ্রমিক নেতারা। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বণিক বার্তাকে বলেন, ‘পোশাক খাতে নারীরা ছিলেন আমাদের অনুপ্রেরণা ও শক্তি। তাদের ঝরে পড়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। নারী শ্রমিকদের কারখানার পাশাপাশি ঘরে গিয়েও কাজ করতে হয়। শিশু দেখাশোনার দায়িত্বও তাদের কাঁধে পড়ে। তাই কারখানার ভেতরে পর্যাপ্ত ও মানসম্মত শিশুযত্ন কেন্দ্র ও উপযুক্ত পরিবেশ না থাকা নারীদের অংশগ্রহণ কমে যাওয়ার অন্যতম কারণ।’
নারী শ্রমিকের কর্মসংস্থান কমার আরেকটি বড় কারণ হিসেবে উঠে আসছে উৎপাদন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার ও অটোমেশন বৃদ্ধি। আগে যেসব কাজে বিপুলসংখ্যক শ্রমিকের প্রয়োজন হতো, সেগুলোর কিছু অংশ এখন আধুনিক যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় ব্যবস্থায় সম্পন্ন হচ্ছে। একই সঙ্গে যন্ত্র পরিচালনা ও প্রযুক্তিনির্ভর কাজে দক্ষতার চাহিদা বাড়ছে। কিন্তু নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার মতো প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ নারী শ্রমিকরা কতটা পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বণিক বার্তাকে বলেন, ‘আগে হেলপার, সুতা কাটাসহ যেসব কাজ শ্রমিক করতেন, সেগুলোর অনেক কিছুই এখন মেশিনে করা হচ্ছে। নতুন নতুন মেশিন আসছে, কিন্তু সেগুলো পরিচালনার জন্য নারী শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেই। প্রযুক্তির ব্যবহার কীভাবে নারী-পুরুষের মধ্যে ভারসাম্য তৈরি করবে, সেটিও নীতিনির্ধারকদের চিন্তায় নেই। বরং প্রযুক্তিকে বৈষম্যমূলকভাবে ব্যবহার করা হচ্ছে। এ কারণে নারী শ্রমিকরা প্রতিনিয়ত চাকরি হারাচ্ছেন।’
আজকের পত্রিকা
দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম ‘সংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল’। প্রতিবেদনে বলা হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরসহ বিভিন্ন দাবিতে সভা-সেমিনার, বিক্ষোভ ও লংমার্চের মতো কর্মসূচি পালন করে যাচ্ছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। গত কয়েক মাসের এসব কর্মসূচির পরও সরকারের কাছ থেকে দাবি পূরণের দৃশ্যমান উদ্যোগ না পেয়ে এবার আন্দোলনের আকার বাড়াতে কৌশল বদল করতে যাচ্ছে তারা। নিজেদের রাজনৈতিক বলয়ের বাইরে গিয়ে তারা জুলাই সনদে স্বাক্ষরকারী দল, বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাইছে। এ লক্ষ্যে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ নামে বিশেষ একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে ঢাকায় মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতিও চলছে।
১১ দলীয় জোটের দায়িত্বশীল নেতারা বলছেন, সরকারের ওপর চাপ বাড়াতে বৃহত্তর রাজনৈতিক ও নাগরিক আন্দোলনের বিকল্প নেই। বৃহৎ আন্দোলন গড়ে তুলতে পারলে সরকারের ওপর চাপ বাড়ানো সম্ভব হবে। বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্পৃক্ত করে সংস্কারের পক্ষে জনমত তৈরির সুযোগ তৈরি হবে।
জোটের একাধিক সূত্র জানায়, সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে বৃহত্তর রাজনৈতিক ও নাগরিক পরিসরে জনমত গড়ে তুলতে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ নামে বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যসংখ্যা চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ সদস্য রাখার আলোচনা চলছে। এতে জামায়াতে ইসলামী থেকে তিন-চারজন এবং জোটের অন্য শরিকদের প্রত্যেকের একজন করে প্রতিনিধি রাখার পরিকল্পনা রয়েছে। সংসদ সদস্যদের পাশাপাশি সংসদের বাইরের রাজনৈতিক নেতারাও কমিটিতে স্থান পেতে পারেন। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ গঠন এবং এর করণীয় ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি নির্ধারণে ১১ দলের পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দু-এক দিনের মধ্যে লিয়াজোঁ কমিটির বৈঠক হওয়ার কথা। সেখানে একটি প্রস্তাব তৈরি করে শীর্ষ নেতাদের কাছে দেওয়া হবে।
জামায়াতের এই নেতা আরও বলেন, ‘১১ দলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর একটি অংশ সরকারের সঙ্গে আছে, কিছু দল আছে মাঝামাঝি অবস্থানে। যারা মাঝামাঝি আছে, তাদের সঙ্গেও এ ব্যাপারে কথা হবে। অন্যান্য অংশীজনের সঙ্গেও আলোচনা হবে। সরকার যেহেতু বাস্তবায়নের দিকে যাচ্ছে না, ১৮০ দিন চলে যাচ্ছে, ৯ তারিখ অধিবেশন। তাহলে এর বিকল্প কী হতে পারে, সেটা নিয়ে সবার সঙ্গেই আলোচনা করা হবে।’
জোটের দায়িত্বশীল নেতারা জানান, বিশেষ কমিটি গঠনের প্রাথমিক কাজ হিসেবে সদস্যদের নাম ও কার্যপরিধি নির্ধারণ করা হচ্ছে। শীর্ষ নেতাদের বৈঠকে নীতিগত সিদ্ধান্তের পর লিয়াজোঁ কমিটিকে প্রস্তাব তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। লিয়াজোঁ কমিটির প্রস্তাব পর্যালোচনা করে শীর্ষ নেতারা চূড়ান্ত অনুমোদন দেবেন। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি ও কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার বিষয়ে প্রাথমিক আলোচনা রয়েছে।
১১ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এ রকম একটা কমিটি করব। কমিটির কার্যক্রমসহ কী কী কর্মসূচি নেওয়া যায়, কী কী করণীয়—এসব বিষয়ে সুপারিশ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। সেই আলোকে নামের খসড়া, সদস্যসংখ্যা এবং কাদের রাখা যায়, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। জামায়াতের আমিরের কাছে পর্যবেক্ষণের জন্য এটি উপস্থাপন করা হবে।’
কমিটির কার্যক্রম শুধু মূল পরিষদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না ১১ দলীয় জোট। জোটের সূত্রগুলো জানায়, বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞদের নিয়ে একাধিক উপকমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে। এসব উপকমিটি সংবিধান সংস্কারের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মতামত ও সুপারিশ সংগ্রহ করে মূল পরিষদের কাছে তুলে ধরবে। পাশাপাশি জুলাই সনদে স্বাক্ষরকারী ১১ দলীয় ঐক্যের বাইরের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দল ও নেতাদেরও এই উদ্যোগে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে তাঁদের মূল কমিটিতে রাখা হবে, নাকি আলোচনার অংশীজন হিসেবে সম্পৃক্ত করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
দেশ রূপান্তর
‘গবেষণায় সময় কম শিক্ষকদের’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রধান দায়িত্ব হওয়ার কথা পাঠদান ও গবেষণা। কিন্তু দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে ক্লাস নেওয়া, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন নেওয়া, পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র তৈরি, পরীক্ষার হলে দায়িত্ব পালন, উত্তরপত্র মূল্যায়নসহ বিভিন্ন প্রশাসনিক-অ্যাকাডেমিক দায়িত্বও সামলাতে হয়। ফলে গবেষণার জন্য নিরবচ্ছিন্ন সময় বের করা অনেক শিক্ষকের জন্য কঠিন হয়ে পড়ে। শিক্ষকদের এ চাপ কিছুটা কমাতে পারে টিচিং অ্যাসিস্ট্যান্ট বা টিএ ব্যবস্থা। কিন্তু দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের টিএ হিসেবে যুক্ত করে শিক্ষককে একাডেমিক সহায়তার কোনো অভিন্ন কাঠামো নেই। ফলে টিএ নিয়োগ দেওয়া হচ্ছে না।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সময় টিএ ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আরএ) হিসেবে কাজ করেছেন। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময়ও তার সঙ্গে দুজন টিএ কাজ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের টিএ বা আরএ হিসেবে নিয়োগ দেওয়া গেলে ভবিষ্যতে তাদের মধ্য থেকে দক্ষ শিক্ষক ও গবেষক তৈরি করা সম্ভব।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিএ নিয়োগের বিষয়ে অধ্যাপক শওকত আলী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে টিএ নিয়োগের কোনো বিধান নেই। ইউজিসি বা সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে যে বাজেট দেয়, তা নির্দিষ্ট কোড অনুযায়ী ব্যয় করতে হয়। ফলে টিএ নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের আগ্রহ থাকলেও বাজেট কাঠামোর কারণে তা সম্ভব হয় না। আমি টিএ নিয়োগের পক্ষে। টিএ নিয়োগ করা গেলে শিক্ষকদের কাজের প্রেসার কমবে। ফলে তারা গবেষণায় আরও বেশি সময় দিতে পারবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্য থেকেও ভবিষ্যতের ভালো শিক্ষক ও গবেষক তৈরি করা সম্ভব হবে।’
২০২২ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালা অনুমোদন করে। নীতিমালায় একজন শিক্ষককে সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ে কাজ করার কাঠামো রাখা হয়। এর মধ্যে গড়ে ১৩ ঘণ্টা সরাসরি পাঠদান, ল্যাব ও থিসিস তত্ত্বাবধান এবং বাকি ২৭ ঘণ্টা প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্র মূল্যায়ন, গবেষণা, বই বা প্রবন্ধ লেখা এবং প্রশাসনিকসহ অন্যান্য কাজে দেওয়ার কথা বলা হয়। নীতিমালায় পদভেদে সরাসরি পাঠদানের সময়ও আলাদা করা হয়েছে। অধ্যাপকের জন্য গড়ে ১০ ঘণ্টা, সহযোগী অধ্যাপকের ১২ ঘণ্টা, সহকারী অধ্যাপকের ১৪ ঘণ্টা ও প্রভাষকের ১৬ ঘণ্টা সরাসরি পাঠদানের কথা বলা হয়েছে। ফলে গবেষণার জন্য নির্ধারিত সময়ের বড় অংশ চলে যায় পরীক্ষা ও একাডেমিক ব্যবস্থাপনার কাজে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) লোক প্রশাসন বিভাগে ৯ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে একজন শিক্ষা ছুটিতে ও একজন মাতৃত্বকালীন ছুটিতে। এই বিভাগে বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তরে ছয়টি ব্যাচ রয়েছে। প্রতি ব্যাচে গড়ে ৫০ জন করে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩০০ জন। শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত ৩৩:১, ছুটিতে থাকা শিক্ষকদের বাদ দিয়ে হিসাব করলে অনুপাত আরও বাড়বে। যদিও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের অনুপাত আন্তর্জাতিকভাবে ২০:১। তবে এখানেই শেষ নয়, সক্রিয় ৭ শিক্ষকের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে রয়েছেন ৫ জন শিক্ষক।
বাংলাদেশ প্রতিদিন
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ‘নাশকতায় সক্রিয় ৫৭ চক্র নিরাপত্তায় নতুন ছক’। প্রতিবেদনে বলা হয়, ভারতে পলাতক ও দন্ডপ্রাপ্ত, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পোশাকশ্রমিকদের মধ্যে থেকে নাশকতার পরিকল্পনা সফল না হওয়ায় ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল ও বাসে অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে তারা। এ অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও বোমা সন্ত্রাসকে কেন্দ্র করে নতুন করে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, ডিসেম্বরকে কেন্দ্র করে ধারাবাহিক অপতৎপরতা চালাতে পারে নিষিদ্ধ দলটি। এজন্য ককটেল নিক্ষেপ, ঝটিকা মিছিল ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করতে ৫৭টি চক্র সক্রিয় রয়েছে।
এসব চক্রের প্রধান সমন্বয়করা ভারতে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশনা পালন করে যাচ্ছে। এদিকে, গতকালও রাজধানীর একটি স্কুলবাসে আগুন, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিআইডি কার্যালয় ও পল্লবী থানার ভিতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া ধামরাই মহাসড়কের দুই পয়েন্টে এবং সাভারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব চক্রসহ নাশকতাকারীদের তৎপরতা থামাতে সারা দেশেই নতুন নিরাপত্তা ছক হাতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ পুলিশিংয়ের সঙ্গে আরও গভীর গোয়েন্দা তথ্য পেতে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট। একাধিক সূত্র জানিয়েছে, ডিসেম্বরকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহর, রেলপথ, গুরুত্বপূর্ণ হাইওয়ে, ট্যুরিস্ট স্পট ও নৌপথ ঘিরে নাশকতার চেষ্টা করতে পারে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটি।
এজন্য বিভিন্ন ওয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে বিদেশ থেকে নির্দেশনা দিয়ে যাচ্ছে দলটির ডজন খানেক শীর্ষ নেতা। একই সঙ্গে নাশকতার পরিকল্পনা বাস্তবায়নে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। এজন্য বিভিন্ন থানা, পুলিশ লাইন ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। পুলিশ সদরদপ্তর জানিয়েছে, কর্মসূচির আড়ালে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, ঝটিকা মিছিল, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার আশঙ্কা বিবেচনায় নিয়ে সারা দেশেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতাকারীদের শনাক্ত, অর্থায়নের উৎস খুঁজে বের করা এবং আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডিএমপির একাধিক সূত্র জানিয়েছে, রাজধানীর উত্তরা, মিরপুর ও গুলশান এলাকা নিয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গত সাত দিনে ঝটিকা মিছিল ও বিভিন্ন চোরাগুপ্তা হামলায় জড়িত ১৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অর্থদাতাদের তালিকা করা হচ্ছে। একই সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কীভাবে নাশকতা মোকাবিলা করা যায় তা নিয়ে কাজ চলছে। এরই অংশ হিসেবে আজ (সোমবার) বাস ও ট্রাক মালিক সমিতির নেতাদের সঙ্গে ডিএমপি সদর দপ্তরে বৈঠক করবেন পুলিশ কর্মকর্তারা। আগুনসন্ত্রাস প্রতিরোধে পরিবহন নেতাদের সহযোগিতা চাওয়া হবে বলে জানা গেছে।
