পোল্যান্ডের ক্রাকোভ শহরের একটি ব্যস্ত মার্কেট স্কয়ারে এক বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। পরে সন্দেহভাজন হামলাকারীর বাড়ি থেকে আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনাকে শহরের মানুষের ওপর ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
পোলিশ স্বরাষ্ট্রমন্ত্রী মার্সিন কিয়ারউইনস্কি জানান, ২৫ বছর বয়সী সন্দেহভাজন ওই হামলাকারী চরম জাতীয়তাবাদী এবং উগ্র-ডানপন্থি মতাদর্শে বিশ্বাসী ছিলেন। শনিবার বিকাল ৩টার দিকে তিনি মূল স্কয়ারে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালান। স্কয়ারে নিহতদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। এদের মধ্যে একজন বৃটেনের নাগরিক।
আহত বিদেশিদের মধ্যে বৃটেন, অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল এবং রাশিয়ার নাগরিকরা রয়েছেন। হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার গভীর রাতে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক জানান, সন্দেহভাজনের বাড়িতে আরও দুই নারী এবং এক পুরুষের মৃতদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তারা হামলাকারীর পরিবারের সদস্য। পোলিশ প্রেসিডেন্ট কারল নাওরোকি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের স্মরণে রোববার ও সোমবার পোল্যান্ডে জাতীয় শোক পালন করা হবে।
