নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

ফন্ট সাইজ:

বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে দায়িত্ব দিয়েছে সরকার। রোববার ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদায়ী পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হলেন তিনি।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। একই অনুষ্ঠানে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে পরিচয় করিয়ে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সালাহউদ্দিন নোমান সর্বশেষ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগস্টে জাতিসংঘ মিশনের দায়িত্ব ছাড়েন তিনি। ফেব্রুয়ারিতে বিএনপি’র সরকার গঠনের পরপরই পররাষ্ট্র সচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। গত জুলাইয়ে তার নিয়োগের বিষয়টি প্রকাশ পায়।

এদিকে বিদায়ী পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নতুন গন্তব্য ভারতের নয়াদিল্লি। তাকে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ১৬ থেকে ২৫শে নভেম্বরের মধ্যে নয়াদিল্লি যাওয়ার কথা আসাদ আলম সিয়ামের। অন্তর্বর্তী সরকারের সময় পররাষ্ট্র সচিব পদে নিয়োগ পান তিনি।

জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পাওয়ার আগে ২০২০ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। বাংলাদেশের ডাকসাইটে এই কূটনীতিক ১৯৯৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পররাষ্ট্র মন্তণালয়ের বিভিন্ন উইংয়ে দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে তার।