মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগ করতে পারেন। তিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে নামতে পারেন। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে আলোচনা চলছে বলে জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট।
প্রতিবেদনটির দাবি, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে থাকা রুবিও ২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ দৌড়ে তার সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের আগেই দলটির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি যুক্তরাজ্য সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তা রুবিওর পদত্যাগের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ হারানোর পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে।
একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বর্তমান মন্ত্রিসভার অন্তত চার থেকে পাঁচজন সদস্য নির্বাচনে ভরাডুবির পর প্রশাসন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।
ওয়াশিংটনের একজন রাজনৈতিক সূত্রের মতে, ইরান যুদ্ধের দায় থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়া এবং এর দায় ট্রাম্পের ওপর চাপানো রুবিওর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
রুবিওর ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেন, প্রশাসন থেকে সরে দাঁড়ানো তার জন্য যথেষ্ট যৌক্তিক সিদ্ধান্ত হবে। কারণ, বর্তমানে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রুবিও এগিয়ে রয়েছেন বলে তার ধারণা। তবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নামা সম্ভব নয়। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও তার রাজনৈতিক সম্ভাবনার ক্ষতি করতে পারে।
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ইরান যুদ্ধকে দায়ী করে বক্তব্য দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ‘আমরা কেন হেরেছি, তা প্রায় সবার কাছেই স্পষ্ট। পরাজয়ের কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেও গত রাতে তা বলেছেন।’
এদিকে ইরান ইস্যুতে রুবিওর ভূমিকা তুলনামূলকভাবে নীরব হয়ে এসেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান দায়িত্বে থাকলেও মধ্যপ্রাচ্য নীতিতে তাকে অনেকটা আড়ালে রাখা হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডসহ দেশটির তিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করে রুবিও ভালো ধারণা তৈরি করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার তাকে অত্যন্ত মেধাবী এবং আলোচনার ক্ষেত্রে দক্ষ বলে মনে করেন।
যুক্তরাজ্য সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মধ্যবর্তী নির্বাচনের পর রুবিও কী করেন, তা তারা পর্যবেক্ষণ করছেন। তার মতে, রুবিও প্রশাসনে বেশি দিন থাকবেন, এমনটা মনে হচ্ছে না। তিনি একজন শক্তিশালী প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন এবং তারা আশা করছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন।
তবে ট্রাম্পের প্রশাসনে রুবিওর অবস্থানও বেশ প্রভাবশালী।
একসময় ট্রাম্প তাকে ‘লিটল মার্কো’ বলে কটাক্ষ করলেও বর্তমানে তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলয়ের গুরুত্বপূর্ণ সদস্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা—দুই দায়িত্বই একসঙ্গে পালন করছেন তিনি।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের পর তিনিই এই দুই দায়িত্ব একসঙ্গে পালন করা ব্যক্তি।
অন্যদিকে, প্রশাসনে থাকাকালে লাতিন আমেরিকা নীতিতে রুবিওর ভূমিকা নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনের অভিযোগে ছোট নৌযানে মার্কিন হামলা এবং ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে সমালোচনা রয়েছে।
গত সেপ্টেম্বরে নিজের প্রেসিডেন্ট পদে লড়ার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে রুবিও বলেছিলেন, আপাতত তার এমন কোনো পরিকল্পনা নেই। তিনি প্রশাসনের দায়িত্ব পালনে পুরোপুরি মনোযোগী। তবে ভ্যান্স নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি সরে দাঁড়াবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
এদিকে, হোয়াইট হাউসের একজন সূত্রের দাবি, রুবিওর পদত্যাগের কোনো লক্ষণ এখনো দেখা যায়নি। বরং নির্বাচনের পর প্রশাসনে অস্থিরতা তৈরি হলে স্থিতিশীলতা বজায় রাখতে তিনি দায়িত্বে থেকে যেতে পারেন।
রুবিওর পদত্যাগের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনকে ভিত্তিহীন ষড়যন্ত্রতত্ত্ব বলে আখ্যা দেন।
এছাড় মার্কিন পররাষ্ট্র দপ্তরও প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছে।
দ্য ইন্ডিপেনডেন্টের রিপোর্ট
ট্রাম্পের মন্ত্রিসভায় ভাঙনের শঙ্কা, পদত্যাগের আলোচনায় রুবিওসহ ৫ শীর্ষ কর্মকর্তা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ ঘন্টা আগে
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ১২ঃ৪১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
