নির্ধারিত ট্যারিফের চেয়ে কম প্রিমিয়ামে বীমা পলিসি ইস্যু করার অভিযোগে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে কোম্পানিটির এই উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না, তা জানতে চেয়ে ব্যাখ্যা তলব করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বৃহস্পতিবার আইডিআরএর রেটিং শাখার নন-লাইফ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানির কাছে পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন আইডিআরএর পরিচালক (রেটিং, অডিট ও জরিপ) মো. মিজানুর রহমান। এর অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং আইডিআরএর চেয়ারম্যানের স্টাফ অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর কর্তৃপক্ষের একটি পরিদর্শক দল গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় পরিদর্শন করে। এ সময় ২০২৬ সালে ইস্যু করা বিভিন্ন বীমা পলিসি পর্যালোচনা করে মেরিন (কার্গো) বীমার নির্ধারিত ট্যারিফ রেটের চেয়ে উল্লেখযোগ্য হারে কম প্রিমিয়াম নেওয়ার প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন হারে প্রিমিয়াম কমিয়ে গ্রাহকদের বীমা পলিসি দেওয়া হয়েছে বলে পরিদর্শনে উঠে আসে।
কর্তৃপক্ষের মতে, নির্ধারিত ট্যারিফের চেয়ে কম প্রিমিয়াম নেওয়ার এই ঘটনা বীমা আইন, ২০১০-এর ৬০ ধারা এবং আইডিআরএর জারি করা নন-লাইফ ৮৩/২০২১ নম্বর সার্কুলারের সুস্পষ্ট লঙ্ঘন।
চিঠিতে বলা হয়েছে, আইন ও সার্কুলার লঙ্ঘনের দায়ে বীমা আইন, ২০১০-এর ১০(২) ধারা অনুযায়ী কোম্পানিটির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি আইনের ১০(১) ধারা অনুযায়ী এই উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না, তার কারণ ব্যাখ্যা করে আগামী ৩০ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
