মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড

ট্রিপল মার্ডার মামলা

মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের সিংগাইরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আলোচিত ট্রিপল মার্ডার (তিন খুন) মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আরও ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। রায় দেওয়ার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামিরা হলেন—সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের জহির উদ্দিনের চার ছেলে মো. জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ ও জসিম এবং আলী মিয়ার ছেলে সিদ্দিক মিয়া। মৃত্যুদণ্ডের পাশাপাশি এদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামছুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মো. মরণ ও স্বপন। এদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আ. ফ. ম. নূরতাজ আলম বাহার জানান, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আজিজ মোল্লা, টেন্ডুল মোল্লা ও করিম মোল্লাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। ঘটনার প্রায় ১০ বছর পর আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।