বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে খুলনার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে মাজার জিয়ারত ও সেখানে উপস্থিত নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি খুলনার পথে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই মাজার মোড়সহ আশপাশের সড়কের দুই পাশে অপেক্ষায় ছিলেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাকে বহনকারী লাল-সবুজ বাসটি মাজার এলাকায় পৌঁছালে উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত নেতাকর্মীরা। অনেকেই দুই হাত তুলে তাকে স্বাগত জানান। বাস থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন প্রধানমন্ত্রী।
২০০৬ সালে বাগেরহাটের খানজাহান আলী কলেজ মাঠে ছাত্রদলের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে অংশ নিতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর আবারও তার বাগেরহাটে আগমন স্থানীয়দের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি করেছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নসংক্রান্ত কর্মসূচিতে অংশ নেন। পরে ফকিরহাটের কাটাখালীতে সংক্ষিপ্ত পথসভা শেষে খানজাহান আলী (রহ.)-এর মাজারে পৌঁছান এবং জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি খুলনার উদ্দেশে রওনা দেন। সেখানে বিকাল ৩টায় জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
