বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার এ কথা বলেছেন। নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন। বিশেষ করে চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততার বিষয়ে তাকে প্রশ্ন করা হয়।
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে আগেও আমি বলেছি, আমরা একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, এটাই আমাদের প্রত্যাশা এবং এই লক্ষ্য অর্জনে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশে চলমান পোশাকশ্রমিকদের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত। তিনি বলেন, সেখানে (বাংলাদেশে) বেশ কিছু ঘটনা ঘটেছে এবং আমরা সেসব পরিস্থিতির ওপর নজর রাখছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, নয়াদিল্লির পক্ষ থেকে ইতিমধ্যে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন দেখা যাক।
বাংলাদেশের সঙ্গে ট্রানজিট এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যৌথ নদী কমিশনের (জেআরসি) কথা উল্লেখ করেন। তিনি বলেন, আন্তঃসীমান্ত নদীগুলোর বিষয়ে আলোচনার জন্য এটিই একটি সুনির্দিষ্ট কাঠামো। এর আওতায় গঙ্গা নদীও রয়েছে।
রণধীর জয়সওয়াল বলেন, গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশনই একটি সুনির্দিষ্ট কাঠামো। এ বিষয়ে আরও কোনো অগ্রগতি সম্পর্কে আমার কাছে জানানোর মতো কোনো তথ্য নেই।
