আসতে শুরু করেছে ফলাফল, গুরুত্বপূর্ণ সিনেট আসন দখলে নিলো ডেমোক্রেটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

আসতে শুরু করেছে ফলাফল, গুরুত্বপূর্ণ সিনেট আসন দখলে নিলো ডেমোক্রেটরা

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফলাফল আসতে শুরু করেছে। ফল প্রকাশের শুরুতেই ডেমোক্রেটরা গুরুত্বপূর্ণ সিনেট আসনে জয়লাভ করে রিপাবলিকানদের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়েছে। এছাড়া জর্জিয়া ও নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্রেট প্রার্থীরা তাদের জয় ধরে রেখেছেন। গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার জয়লাভ করেছেন। এর মাধ্যমে ২০০৮ সালের পর এই রাজ্যে প্রথম কোনো ডেমোক্রেট সিনেটর নির্বাচিত হলেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে আসনটি গুরুত্বপূর্ণ। এছাড়া জর্জিয়ায় জন ওসফ এবং নিউ হ্যাম্পশায়ারে ক্রিস পাপাস জয়লাভ করেছেন। ফ্লোরিডায় প্রগতিশীল প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ইউএস সিনেট আসনে জয় পেয়েছেন অ্যাশলে মুডি। ডেমোক্রেট ক্যাথি কাস্টর ফ্লোরিডায় পুনর্গঠিত হাউস আসনটি ধরে রেখেছেন, অন্যদিকে জ্যারেড মস্কোউইটজও ফ্লোরিডা হাউস রেসে জয় পেয়েছেন, যদিও এই আসনটি রিপাবলিকানদের পক্ষে পুনর্গঠন করা হয়েছিল। এছাড়া ডেবি ওয়াসারম্যান শুল্টজও ফ্লোরিডা হাউস আসনে জয় পেয়েছেন। ভার্জিনিয়ায় মার্ক ওয়ার্নার পুনর্নির্বাচিত হয়েছেন।

ইতিমধ্যে ১৯টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে ভোট গ্রহণ শেষ হয়েছে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর এক বুথফেরত জরিপে দেখা গেছে, ৩৯ শতাংশ ভোটার অর্থনীতি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত এবং ৩২ শতাংশ ভোটার দেশের গণতন্ত্রের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। এরপরে রয়েছে অভিবাসন (১৪ শতাংশ) এবং স্বাস্থ্যসেবা (৮ শতাংশ)। জরিপে আরও দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ ভোটার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দায়িত্ব পালনের ধরনে অসন্তুষ্ট এবং ৭০ শতাংশ মনে করেন কংগ্রেস প্রেসিডেন্টের ওপর যথেষ্ট নজরদারি করছে না।

এদিকে ট্রাম্প জানান তিনি ফক্স নিউজে নির্বাচনের খবর দেখছেন। তবে ডেমোক্রেট কৌশলবিদ জেসিকা টারলভের সমালোচনা করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন। সেখানে তিনি জেসিকাকে 'বোকা' বলে আখ্যা দেন। প্রথমদিকের এসব ফলাফল থেকে ডেমোক্রেটদের জয়ের একটি পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তবে চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করতে হবে।