বাংলাদেশ সরকারকে শান্তিপূর্ণ বিক্ষোভের সুযোগ নিশ্চিত ও জনগণের অভিযোগ শোনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে চলমান গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ নিয়ে জানতে চান এক সাংবাদিক। এর জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, প্রতিটি দেশের সরকারকে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের অভিযোগ শুনে তার প্রতিকারে উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশি ওই সাংবাদিক জানতে চান- বাংলাদেশের তৈরি পোশাক শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় বিক্ষোভ করছেন। অন্যদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এই আন্দোলনকে ব্যবহার করে ভাঙচুর, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। এ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কী?
জবাবে ডুজারিক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামগ্রিক জীবনযাত্রার পরিস্থিতি নিয়ে অসন্তোষ থেকে মানুষ বিক্ষোভ করছেন। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মানুষকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার সুযোগ দেয়া। প্রতিটি দেশের কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।
তিনি বলেন, সব দেশের সরকারের উচিত জনগণের অভিযোগ ও অসন্তোষের কথা শোনা এবং সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
তবে সাংবাদিকের প্রশ্নে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার যে অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।
শান্তিপূর্ণ বিক্ষোভের সুযোগ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কূটনৈতিক রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
৪ নভেম্বর (বুধবার), ২০২৬, ৬ঃ৪৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
