শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রতিদিন সকাল ১১টা পর্যন্ত রুটিন অনুযায়ী ল্যাব ও তত্ত্বীয় ক্লাসে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা । তবে সকাল ১১টার পর কোনো ক্লাসে অংশ নেবেন না শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীরা এসব কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষার্থীদের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা মাঠ ফিরে না পাওয়া পর্যন্ত সব পর্যায়ের পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। এ ছাড়া নিয়মিত রুটিন অনুযায়ী সকাল ১১টা পর্যন্ত ল্যাব ও তত্ত্বীয় ক্লাসে অংশ নেবেন তাঁরা। এরপর আর কোনো ক্লাসে অংশ নেবেন না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি পুনরুদ্ধারে দ্রুত আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করলে কয়েকজন শিক্ষার্থী জানান, গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
