পূর্বধলায় আগিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

ফন্ট সাইজ:

নেত্রকোনার পূর্বধলায় ময়মনসিংহ শিক্ষা বোর্ড মনোনীত আগিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতিকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. আমিনুল ইসলাম হোগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ১লা নভেম্বর ময়মনসিংহ শিক্ষা বোর্ড তাকে আগিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেয়।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই পদে স্থানীয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দীনের ছেলে মোস্তফা রিজোয়ান রিয়াজ প্রার্থী ছিলেন। ছেলে মনোনীত না হওয়ায় বিএনপি নেতা সেলিম উদ্দীন ক্ষিপ্ত হন। তার নির্দেশে গত ১লা নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্তরা কৌশলে শিক্ষক আমিনুলকে তার কলেজ রোডের ভাড়া বাসা থেকে ডেকে কুমারখালী বাজারে সেলিম উদ্দীনের রাইস মিলে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে ফাঁকা স্ট্যাম্প ও পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়া হয়।

এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দীন, জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী ওরফে মামুন, দেওটুকোন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন সরকার এবং আগিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিক।
অভিযোগ অস্বীকার করে আলহাজ্ব সেলিম উদ্দীন বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। নিরপেক্ষ তদন্ত হোক, দোষী সাব্যস্ত হলে যে কোনো শাস্তি মাথা পেতে নেবো।’ পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’