সৌদির বিমানবন্দর-সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা, বহু হতাহত

দাবি হুতিদের

সৌদির বিমানবন্দর-সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা, বহু হতাহত

ফন্ট সাইজ:

সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইয়াহিয়া সারি বলেন, ড্রোন দিয়ে আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। এতে ‘নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে’।

এ ছাড়া খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানান ইয়াহিয়া সারি। তার দাবি, ওই হামলায় সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি।

এ ছাড়া ইয়াহিয়া সারির দাবি, হামলায় সৌদিতে বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস ও পুড়ে গেছে।
তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।