দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের গুণগতমান উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রাখাই মূল উদ্দেশ্য

বিএসি’র কর্মশালায় ড. মো. আখতার হোসেন খান-

দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের গুণগতমান উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রাখাই মূল উদ্দেশ্য

ফন্ট সাইজ:

দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের গুণগতমান উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রাখা আমাদের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। একাডেমিক অডিটরগণকে তাদের কর্মরত বিশ্ববিদ্যালয়ে নিজ নিজ প্রোগ্রামকে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় অন্তর্ভূক্ত করার উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান তিনি। একাডেমিক অডিটরগণকে বিএসি পরিবারের একজন সম্মানিত সদস্য হিসেবে বাংলাদেশের উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়নের ধারবাহিক প্রক্রিয়ায় একসাথে কাজ করার আহবান জানান বিএসি’র চেয়ারম্যান।

মঙ্গলবার রাজধারীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর উদ্যোগে ‘Training for BAC Academic Auditors’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিএসি’র চেয়ারম্যান এসব কথা বলেন।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল একাডেমিক অডিটরদের বহিঃস্থ গুণগতমান নিরূপণে দক্ষতা বৃদ্ধি; স্বার্থ ও গোপনীয়তা দ্বন্দ্ব নীতি পরিপূর্ণ অনুসরণের গুরুত্ব পর্যালোচনা এবং একাডেমিক অডিটরদের সঙ্গে বিএসি’র কর্মকর্তাদের পারস্পরিক মতবিনিময়।

প্রশিক্ষণে উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। এতে একাডেমিক অডিটরগণ স্বতঃস্ফুর্তভাবে তাদের অ্যাক্রেডিটেশন কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা বর্ণনা করেন এবং অধিকতর জানার আগ্রহ প্রকাশ করেন। চেয়ারম্যান একাডেমিক অডিটরগণের সকল প্রশ্নের ধারাবাহিক উত্তর প্রদান করেন। এছাড়াও তিনি অ্যাক্রেডিটেশন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূকরণের লক্ষ্যে অডিটরগণের কাছে তাদের পর্যবেক্ষণসমূহ লিখিতভাবে প্রদানের অনুরোধ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর এ. কে. এম. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে একাধিক বিষয়ে বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিএসি’র কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান এবং কাউন্সিলের অ্যাক্রেডিটেশন কিউএ এ্যান্ড এনকিউএফ বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ এমরান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বহিঃসম্পর্ক ও আইসিটি বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. আহমেদ আবদুল্লাহ জামাল এবং প্রশাসন, অর্থ ও পরিকল্পনা বিভাগের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন, কিউএ এ্যান্ড এনকিউএফ বিভাগের উপ-পরিচালক ড. ফারজানা শারমিন। প্রশিক্ষণে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মোট ৯২ একাডেমিক অডিটর অংশগ্রহণ করেন। এছাড়া দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কোয়ালিটি অ্যাসুরেন্স বিশেষজ্ঞ এবং বিএসি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।