মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ভোটগ্রহণ চলছে

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ভোটগ্রহণ চলছে

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় ভারমন্ট রাজ্যে স্থানীয় সময় ভোর পাঁচটায় ভোটকেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজ্যটিতে ইতোমধ্যে ৩০ শতাংশ ভোটার অগ্রিম ভোট দিয়েছেন। বিবিসি জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতেও ঘণ্টা খানেকের মধ্যে ভোটগ্রহণ শুরু হবে।

এসব রাজ্যের মধ্যে রয়েছে, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া এবং মেইন।

দেশটির ওহিও এবং নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ভোট শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায়। এরপর গুরুত্বপূর্ণ মিশিগানে ভোটাররা সাতটা থেকে ভোট দিতে পারবেন।

ভোটগ্রহণের মতো দেশটিতে ভোট নেয়া বন্ধও হবে বিভিন্ন সময়ে। দেশটিতে ইন্ডিয়ানা এবং কেন্টাকি অঙ্গরাজ্যে সর্বপ্রথম ভোটগ্রহণ বন্ধ হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

এ ছাড়া মিশিগানে রাত ৮টায়, কানসাসে সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ বন্ধ হবে।

সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই প্রাথমিক ফলাফল আসা শুরু করবে।
মঙ্গলবার সন্ধ্যাজুড়ে এবং অনেক রাজ্যে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে ভোটের ফল পাওয়ার জন্য।
এবারের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রে ২৩ কোটির বেশি যোগ্য ভোটার তাদের গুরুত্বপূর্ণ ভোট দিচ্ছেন।

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সকল ৪৩৫টি আসন, সিনেটের ৩৫টি আসনে ভোট হচ্ছে।

পাশাপাশি ৩৬টি রাজ্যে ভোটাররা গভর্নর নির্বাচিত করতে ভোটাররা ভোট দিচ্ছেন।