যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হাতবদল হতে পারে যে ১১ সিনেট আসন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হাতবদল হতে পারে যে ১১ সিনেট আসন

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রে আজকের মধ্যবর্তী নির্বাচনে চোখ বিশ্ববাসীর। বর্তমান সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা রিপাবলিকানদের হাতে নির্বাচনের আগে ছিলো ৫৩ টি আসন। তবে নির্বাচনের পর এই অবস্থা বদলে যেতে পারে। মোট ১০০ আসনের মধ্যে নির্বাচন হওয়া ৩৫ টি আসনের সবকটিতে যে নির্বাচনের ফল বদল হবে তা বলা যায় না। যুক্তরাষ্ট্রের প্রবল মেরুকৃত রাজনীতিতে কিছু আসন বরাবরই নির্দিষ্ট এক দলের পক্ষে যায়। তবে এবারের ভোটে ব্যাপক পরিবর্তন আসতে পারে। নির্বাচনের ফলাফলে হাতবদল হতে পারে এমন ১১টি আসনে চোখ বোদ্ধাদের। এই আসনগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। আসনগুলো রিপাবলিকান অধ্যুষিত হওয়ায় শেষ মুহূর্তে যেকোনো দলের দিকেই ভোট যেতে পারে। সিএনএনের এক প্রতিবেদনে এই ১১টি সিনেট আসনের পরিস্থিতি বিস্তারিত তুলে ধরা হয়েছে।

সিএনএনের পোল অব পোলসের গড় অনুযায়ী, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি মানুষের সমর্থন এখন ৩৪ শতাংশ। অর্থনীতি, ইরান যুদ্ধ এবং দুর্নীতির মতো বিষয়গুলো নিয়ে মানুষের হতাশা ডেমোক্রেটদের পক্ষে কাজ করছে। এই বছর ডেমোক্রেটদের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে অন্তত চারটি রিপাবলিকান আসন নিজেদের দখলে নিতে হবে। একইসঙ্গে এর আগে পাওয়া নিজেদের সবগুলো আসন ধরে রাখতে হবে। এগারোটি আসনের ফলাফল বদলে দিতে পারে সিনেটের ধারাপ্রবাহ। এগুলোতে বিজয়ের সম্ভাবনা রয়েছে ডেমোক্রেট প্রার্থীদের।

এই তালিকায় প্রথমেই রয়েছে নর্থ ক্যারোলাইনা। সেখানে ডেমোক্রেট প্রার্থী রয় কুপার রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলির চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে আছেন জনমত জরিপে। ২০০৮ সালের পর এই প্রথমবারের মতো ডেমোক্রেটরা সেখানে জয় পেতে পারে। ওহাইওতে ডেমোক্রেট শেরড ব্রাউন রিপাবলিকান জন হাস্টেডের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছেন। জ্বালানি কেলেঙ্কারির অভিযোগ থাকায় হাস্টেড কিছুটা চাপে আছেন। টেক্সাসে ডেমোক্রেট প্রার্থী জেমস তালারিকো এবং রিপাবলিকান কেন প্যাক্সটনের মধ্যে তুমুল লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইলন মাস্ক এই নির্বাচনে রিপাবলিকানদের জন্য ২ হাজার ৮২ কোটি ৮৬ লাখ টাকার বেশি (১৬৮ মিলিয়ন ডলার) খরচ করেছেন। মেইনের সিনেট আসনটিতেও ডেমোক্রেট প্রার্থী ট্রয় জ্যাকসন বর্তমান রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের চেয়ে এগিয়ে আছেন।

আলাস্কায় ডেমোক্রেট মেরি পেলটোলা এবং রিপাবলিকান ড্যান সুলিভানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ক্যানসাসে ডেমোক্রেট অ্যাডাম হ্যামিল্টন রিপাবলিকান রজার মার্শালের চেয়ে এগিয়ে আছেন। কৃষিপ্রধান আইওয়াতে ডেমোক্রেট যশ টুরেক এবং রিপাবলিকান অ্যাশলি হিনসনের মধ্যেও সমানে সমানে লড়াই চলছে। মিশিগানে ডেমোক্রেট প্রার্থী আবদুল আল-সায়েদ এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে তার নিজ দলের প্রতিনিধি হ্যালি স্টিভেন্স রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দিয়ে বির্তকের সৃষ্টি করেছেন।

নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্রেট ক্রিস প্যাপাস রিপাবলিকান জন সুনুনুর চেয়ে জনমত জরিপে ১২ পয়েন্টে এগিয়ে আছেন। সাউথ ক্যারোলাইনা প্রথমবারের মতো এই তালিকায় স্থান পেয়েছে। সেখানে প্রয়াত লিন্ডসে গ্রাহামের বোন রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহাম এবং ডেমোক্রেট প্রার্থী অ্যানি অ্যানড্রুজের মধ্যে সমানে সমানে লড়াই চলছে। জর্জিয়ায় ডেমোক্রেট জন ওসফ রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে সহজেই হারাবেন বলে ধারণা করা হচ্ছে।