বরগুনার পাথরঘাটায় এক জামায়াত নেতার দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ দলীয় সন্ত্রাসীরা। এ সময় তার বাম হাত ও মাথায়ও রক্তাক্ত জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী দাখিল মাদ্রাসা সংলগ্ন বয়ারগুদি ব্রিজের উপরে গতকাল দুপুর ১ টা ৩০ এর দিকে। এ সময় তিনি তার কর্মস্থল মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন। মাওলানা মাহফুজুর রহমান (৫০) কাঠালতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি। জানা গেছে, মাহফুজুর রহমান কাঠালতলী দাখিল মাদ্রাসা থেকে দুপুর ১টার দিকে বের হন। এ সময় তিনি মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওনা হন। মাদ্রাসা থেকে বয়ারগুদি ব্রিজ অতিক্রম করার সময় ওই ব্রিজের উপর তিন ব্যক্তি তার উপর পূর্ব প্রস্তুত থেকে অতর্কিত হামলা চালায়। পাথরঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন বলেন, জামায়াত নেতা মাহফুজুর রহমান বয়ারগুদি ব্রিজের উপর দিয়ে যাওয়ার পথে ওতপেতে থাকা তিন যুবক লাঠি ও লোহার পাইপ দিয়ে আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এরপর উপর্যপুরি তার দুই পায়ে আঘাত করে পা দু’টি ভেঙে দেয়। এ সময় তার কপালের ডান অংশে ও বাম হাতেও জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, তার দুই পায়ের হাঁড় ভেঙে মারাত্মক জখম হয়েছে। এছাড়া হাত ও কপালেও জখম হয়েছে। তবে দুই পায়ের আঘাতটা গুরুতর। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
পাথরঘাটায় জামায়াত নেতার দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
