বিদেশি প্রযুক্তিনির্ভরতা কমিয়ে নিজস্ব এআই গড়ার প্রস্তুতি জরুরি

বিদেশি প্রযুক্তিনির্ভরতা কমিয়ে নিজস্ব এআই গড়ার প্রস্তুতি জরুরি

ফন্ট সাইজ:

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্বে দ্রুত বদলে যাচ্ছে অর্থনীতি, শিল্প ও ব্যবসার চিত্র। যে দেশ যত বেশি নিজস্ব প্রযুক্তি তৈরি করতে পারছে, বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সুযোগও তৈরি হচ্ছে তাদের। বাংলাদেশেও এআই ব্যবহারের প্রবণতা বাড়ছে। কিন্তু বিদেশি প্রযুক্তি ব্যবহার করেই কি এই প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব? সংশ্লিষ্টরা বলছেন, শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকলে চলবে না, বাংলাদেশকে নিজস্ব এআই তৈরি, গবেষণা, দক্ষ জনবল ও প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে হবে। অন্যদিকে প্রযুক্তি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন শিল্প গড়ে তোলার সম্ভাবনাও তৈরি হচ্ছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে প্রযুক্তিগত সক্ষমতা অর্জন। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক প্রতিযোগিতায় শুধু বিদেশি প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে থাকা সম্ভব নয়। দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সক্ষমতা ও প্রযুক্তিগত স্বাধীনতা অর্জন করতে হলে নিজস্ব এআই অবকাঠামো, বাংলা ভাষার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), গবেষণা, দক্ষ মানবসম্পদ এবং দেশীয় উদ্ভাবন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশের নিজস্ব সার্বভৌম এআই অবকাঠামো চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে এআইকে কেন্দ্র করে নতুন বিনিয়োগ, প্রযুক্তি উদ্যোক্তা তৈরি এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাবনাও তৈরি হচ্ছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানিয়েছেন, আগামী বছরের মধ্যে বাংলাদেশে সার্বভৌম এআই অবকাঠামো চালু করা হবে। এ জন্য প্রয়োজনীয় কম্পিউটিং চিপ ও মেমোরি মডিউল সংগ্রহের ব্যবস্থা নিশ্চিত হয়েছে। এ অবকাঠামো বেসরকারি প্রতিষ্ঠান, স্টার্টআপ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে। এর মাধ্যমে দেশীয় প্রযুক্তিবিদরা বাংলা ভাষার নিজস্ব এলএলএম তৈরি এবং নতুন এআইভিত্তিক সেবা উদ্ভাবনের সুযোগ পাবেন। বর্তমানে এআইয়ের ব্যবহার বাড়লেও উন্নত মডেল তৈরি ও পরিচালনার জন্য প্রয়োজনীয় কম্পিউটিং অবকাঠামো, উচ্চক্ষমতার জিপিইউ, বিপুল তথ্যভাণ্ডার এবং গবেষণার সুযোগ সীমিত। ফলে বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি মডেল ও ক্লাউড সেবার ওপর নির্ভর করতে হচ্ছে। নিজস্ব অবকাঠামো তৈরি হলে এ নির্ভরতা কমানোর পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের নতুন পণ্য ও সেবা তৈরির সুযোগ বাড়বে। উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, শুরুতেই বিশাল কোনো এআই কেন্দ্র নির্মাণের পরিবর্তে ছোট ও মডিউলার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বেসরকারি খাতের চাহিদা বাড়লে স্থানীয় প্রতিষ্ঠানগুলোও সেখানে নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা যুক্ত করতে পারবে। উন্নতমানের জিপিইউ সংগ্রহের জন্য আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে।

এদিকে এআই ও সেমিকন্ডাক্টর খাতকে কেন্দ্র করে বিনিয়োগের নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী) প্রযুক্তিনির্ভর শিল্প, উচ্চমূল্য সংযোজন এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, এ খাতে বিপুল বিনিয়োগের সুযোগ থাকলেও তৈরি পোশাকশিল্পের মতো ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে না; বরং প্রযুক্তিগত দক্ষতা, উচ্চমূল্যের উৎপাদন ও নতুন বাজার তৈরির সম্ভাবনা বেশি। এখানে বিনিয়োগের বিষয়টি শুধু এআই সফটওয়্যার তৈরিতে সীমাবদ্ধ নয়। ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, চিপ ডিজাইন, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার উন্নয়ন এবং এআইভিত্তিক শিল্পসেবা সব ক্ষেত্রেই নতুন বিনিয়োগের সুযোগ রয়েছে। তবে এসব খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো জরুরি।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চের (সিএসইআর) চেয়ারম্যান ও ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমের মতে, বাংলাদেশকে এখন প্রযুক্তি ব্যবহারের পর্যায় থেকে নিজস্ব প্রযুক্তি তৈরির সক্ষমতা অর্জনের দিকে যেতে হবে। বিদেশি প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যার, ক্লাউড সেবা কিংবা এআই মডেল ব্যবহার করে তাৎক্ষণিক সুবিধা পাওয়া সম্ভব। কিন্তু দীর্ঘমেয়াদে অর্থনৈতিক মূল্য তৈরি করতে হলে নিজস্ব গবেষণা, দক্ষ মানবসম্পদ, স্থানীয় তথ্যভাণ্ডার, প্রযুক্তি উন্নয়নের অবকাঠামো এবং উদ্ভাবনী উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি, জলবায়ু, জনসংখ্যার ঘনত্ব, ভাষা ও শিল্পের সামঞ্জস্যতা উন্নত দেশগুলোর চেয়ে আলাদা। ফলে বিদেশে তৈরি প্রযুক্তি সরাসরি ব্যবহার করে দেশের সব সমস্যার কার্যকর সমাধান পাওয়া সম্ভব নয়। আকস্মিক বন্যার পূর্বাভাস, কৃষকের জন্য আবহাওয়াভিত্তিক পরামর্শ, নগর পরিবহনের যানজট নিয়ন্ত্রণ, পোশাকশিল্পের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বাংলা ভাষায় নির্ভুল ডিজিটাল সেবা নিশ্চিতকরণে স্থানীয় তথ্য ও বাস্তবতার ভিত্তিতে এআই তৈরি করতে হবে। তার মতে, গুরুত্ব দিতে হবে বাংলা ভাষাভিত্তিক এআই উন্নয়নে। শুধু প্রমিত বাংলা নয়, আঞ্চলিক ভাষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটও বুঝতে সক্ষম প্রযুক্তি তৈরি করা প্রয়োজন। এ জন্য মানসম্মত বাংলা ডিজিটাল তথ্যভাণ্ডার, ভাষা প্রক্রিয়াকরণে গবেষণা এবং নিজস্ব এআই মডেল উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ জরুরি। সাকিফ শামীমের বিশ্লেষণে আরও উঠে এসেছে, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে কার্যকর সহযোগিতা ছাড়া এ সক্ষমতা তৈরি হবে না। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পের বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগাতে যৌথ গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, গবেষণায় অর্থায়ন এবং মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এআই, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবটিক্স ও সাইবার নিরাপত্তায় প্র্যাক্টিক্যাল লার্নিং বাড়াতে হবে। বিদ্যমান কর্মীদেরও নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য পুনঃদক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। সাকিফ শামীমের মতে, বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার পরবর্তী ধাপ হওয়া উচিত প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রযুক্তি তৈরির সক্ষমতা অর্জন। বিদেশি প্রযুক্তি গ্রহণের প্রয়োজন থাকবে, কিন্তু দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য নিজস্ব জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের ভিত্তি তৈরি করতে হবে। এআই খাতে বিনিয়োগের সম্ভাবনা শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, তৈরি পোশাক, পরিবহণ ও সরবরাহব্যবস্থায় এআইয়ের ব্যবহার বাড়লে উৎপাদনশীলতা এবং সেবার মান বাড়বে। পাশাপাশি দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য নতুন বাজার তৈরি হবে।
এ বক্তব্যের সঙ্গে এআই খাতের বিনিয়োগের বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক। কারণ, শুধু বিদেশি প্রযুক্তি কিনে ব্যবহার করলে অর্থনীতিতে সীমিত সুফল পাওয়া যাবে। কিন্তু বিদেশি বিনিয়োগের সঙ্গে প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় প্রকৌশলী তৈরি, গবেষণা এবং দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরি হবে।

সাকিফ শামীমের নেতৃত্বে ল্যাবএইড এআইভিত্তিক স্বাস্থ্যসেবা প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। প্রতিষ্ঠানটির উদ্যোগে চিকিৎসাবিষয়ক তথ্য বিশ্লেষণ এবং চিকিৎসকদের দ্বিতীয় মতামত প্রদানে সহায়ক নিজস্ব এআই মডেল তৈরির কাজ হয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, চিকিৎসাবিষয়ক ২০০ থেকে ৩০০ কোটি ডেটাসেট ব্যবহার করে নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করার উদ্যোগ ১০০০ এর উপর কর্মী ও ৪ টি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ দেখায়, স্থানীয় সমস্যাকে কেন্দ্র করে দেশীয় প্রতিষ্ঠানও এআই প্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

এআই নিয়ে সিএসইআর এর বিশ্লেষণ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর ভবিষ্যতের কোনো প্রযুক্তি নয়। এটি বিশ্ব অর্থনীতি, উৎপাদনব্যবস্থা, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, কৃষি এবং রাষ্ট্রীয় প্রশাসনের কাঠামো পরিবর্তন করছে। যে দেশগুলো এই প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে এগিয়ে যাচ্ছে, তারা নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করছে। অন্যদিকে যেসব দেশ প্রযুক্তির ব্যবহারকারী হিসেবেই সীমাবদ্ধ থাকছে, তাদের জন্য দীর্ঘমেয়াদে নির্ভরশীলতার ঝুঁকি বাড়ছে। বাংলাদেশের সামনে এখন মূল প্রশ্নটি তাই এআই প্রযুক্তি গ্রহণ করা হবে কি না, তা নয়; বরং এই প্রযুক্তির বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজস্ব সক্ষমতা কতটা গড়ে তোলা সম্ভব হবে।
বিশ্বের উন্নত অর্থনীতিগুলো এআইকে উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন শিল্প গড়ে তোলা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশলগত উপাদান হিসেবে বিবেচনা করছে। শিল্পকারখানায় স্বয়ংক্রিয় উৎপাদন, কৃষিতে আবহাওয়া ও মাটির তথ্য বিশ্লেষণ, স্বাস্থ্যসেবায় রোগ শনাক্তকরণ, আর্থিক খাতে ঝুঁকি ব্যবস্থাপনা এবং সরকারি সেবায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে প্রযুক্তিটি আর কোনো নির্দিষ্ট শিল্পের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা ও প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠছে।

বাংলাদেশেও এআই ব্যবহারের ক্ষেত্র তৈরি হচ্ছে। ব্যাংকিং, টেলিযোগাযোগ, ই-কমার্স, স্বাস্থ্যসেবা, পোশাকশিল্প এবং বিভিন্ন ডিজিটাল সেবায় প্রযুক্তিটির প্রয়োগ বাড়ছে। তবে প্রযুক্তি ব্যবহার এবং প্রযুক্তিগত সক্ষমতা অর্জন এক বিষয় নয়। বিদেশি প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যার, ক্লাউড সেবা কিংবা এআই মডেল ব্যবহার করে তাৎক্ষণিক সুবিধা পাওয়া সম্ভব। কিন্তু দীর্ঘমেয়াদে অর্থনৈতিক মূল্য তৈরি করতে হলে প্রয়োজন নিজস্ব গবেষণা, দক্ষ মানবসম্পদ, স্থানীয় তথ্যভান্ডার, প্রযুক্তি উন্নয়নের অবকাঠামো এবং উদ্ভাবনী উদ্যোগ। এই জায়গাতেই বাংলাদেশের প্রস্তুতি নিয়ে নতুন করে ভাবতে হবে।

বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনার একটি ক্ষেত্র হলো স্থানীয় বাস্তবতার উপযোগী এআই প্রযুক্তি তৈরি। আমাদের কৃষি, জলবায়ু, জনসংখ্যার ঘনত্ব, ভাষা, শিল্পের ধরন এবং ভৌগোলিক বৈশিষ্ট্য অনেক ক্ষেত্রেই উন্নত দেশগুলোর বাস্তবতা থেকে আলাদা। ফলে অন্য দেশের জন্য তৈরি প্রযুক্তি ব্যবহার করলেই দেশের সব সমস্যার কার্যকর সমাধান পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। হাওর অঞ্চলের আকস্মিক বন্যার পূর্বাভাস, কৃষকের জন্য ফসল ও আবহাওয়াভিত্তিক পরামর্শ, নগর পরিবহনের যানজট ব্যবস্থাপনা, তৈরি পোশাকশিল্পের উৎপাদন দক্ষতা বৃদ্ধি কিংবা বাংলা ভাষায় নির্ভুল ডিজিটাল সেবা নিশ্চিত করতে স্থানীয় তথ্য ও বাস্তবতার ভিত্তিতে প্রযুক্তি তৈরি করা জরুরি।

এ ক্ষেত্রে বাংলা ভাষাভিত্তিক এআই উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ার দাবি রাখে। দেশের বিপুলসংখ্যক মানুষের জন্য ডিজিটাল সেবা সহজলভ্য করতে হলে প্রযুক্তিকে বাংলা ভাষা, স্থানীয় উচ্চারণ, আঞ্চলিক ভাষার বৈচিত্র্য এবং সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট বুঝতে সক্ষম হতে হবে। ভাষাগত সক্ষমতা না থাকলে এআইয়ের সুবিধা সমাজের একটি সীমিত অংশের মধ্যে আটকে থাকার আশঙ্কা থাকে। তাই বাংলা ভাষার মানসম্মত ডিজিটাল তথ্যভান্ডার তৈরি, ভাষা প্রক্রিয়াকরণে গবেষণা এবং স্থানীয় এআই মডেল উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। এই সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে কার্যকর সহযোগিতা অপরিহার্য। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৌশল, গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার বিজ্ঞানে দক্ষ শিক্ষার্থী তৈরি হচ্ছে। কিন্তু শিক্ষার সঙ্গে শিল্পের বাস্তব সমস্যা সমাধানের সংযোগ আরও শক্তিশালী করা প্রয়োজন। গবেষণাগারে তৈরি জ্ঞান যেন বাস্তব পণ্য, সেবা ও উৎপাদনব্যবস্থায় কাজে লাগে, সে জন্য বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ গবেষণা, উদ্ভাবনী প্রকল্প এবং প্রযুক্তি স্থানান্তরের ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে গবেষণায় অর্থায়ন, মেধাস্বত্ব সুরক্ষা এবং নতুন উদ্যোগের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা জরুরি।
মানবসম্পদ উন্নয়নেও দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশের তরুণেরা আন্তর্জাতিক বাজারে সফটওয়্যার উন্নয়ন, তথ্যপ্রযুক্তি সেবা এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে বৈশ্বিক এআই অর্থনীতিতে দীর্ঘমেয়াদি অবস্থান তৈরি করতে হলে কোড লেখা বা প্রযুক্তিগত সেবা দেওয়ার দক্ষতার পাশাপাশি সমস্যা চিহ্নিত করা, গবেষণা করা এবং নতুন সমাধান উদ্ভাবনের সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য শিক্ষাব্যবস্থায় এআই, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস ও সাইবার নিরাপত্তার মতো বিষয়ে ব্যবহারিক শিক্ষা এবং গবেষণার সুযোগ বাড়ানো দরকার। পাশাপাশি বিদ্যমান কর্মীদের নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য পুনঃদক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
এখানে বেসরকারি খাতের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এআইকে কেবল বিদেশি প্রযুক্তি কেনার মাধ্যম হিসেবে দেখলে দেশীয় উদ্ভাবনের সুযোগ সীমিত হয়ে পড়বে। বরং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিনিয়োগ বাড়াতে হবে। ব্যাংক, হাসপাতাল, কৃষি, উৎপাদন ও সরবরাহব্যবস্থার নিজস্ব সমস্যাগুলোকে কেন্দ্র করে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে একদিকে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়বে, অন্যদিকে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বাজার তৈরি হবে। প্রযুক্তি খাতে উদ্যোক্তা তৈরির পাশাপাশি তাদের উদ্ভাবিত পণ্য ও সেবাকে আন্তর্জাতিক বাজারে নেওয়ার সক্ষমতাও গড়ে তুলতে হবে।

তবে এআই সক্ষমতা অর্জনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। উন্নত কম্পিউটিং সুবিধা, নির্ভরযোগ্য বিদ্যুৎ, উচ্চগতির ইন্টারনেট, মানসম্মত ডেটা সেন্টার এবং দক্ষ প্রযুক্তিবিদ ছাড়া বড় পরিসরে এআই গবেষণা ও উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, তথ্য ব্যবহারের নীতিমালা, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তির জবাবদিহি নিশ্চিত করতে হবে। এআই ব্যবস্থায় ব্যবহৃত তথ্য কোথায় সংরক্ষিত হচ্ছে, কারা তা নিয়ন্ত্রণ করছে এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে, এসব প্রশ্ন অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার সঙ্গেও যুক্ত। তাই প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি তথ্যের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি করা প্রয়োজন।
বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে আন্তর্জাতিক বাজারে। এশিয়া ও আফ্রিকার অনেক উন্নয়নশীল দেশের অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার সঙ্গে বাংলাদেশের বেশ কিছু মিল রয়েছে। কৃষি, স্বাস্থ্য, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা ও নগর ব্যবস্থাপনার মতো ক্ষেত্রে এসব দেশের সমস্যার ধরনও অনেক ক্ষেত্রে কাছাকাছি। বাংলাদেশ যদি নিজস্ব বাস্তবতার ভিত্তিতে কার্যকর ও সাশ্রয়ী এআই পণ্য তৈরি করতে পারে, তবে সেগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য উন্নয়নশীল দেশের বাজারেও সম্প্রসারণের সুযোগ তৈরি করতে পারে। এতে তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান ও বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হবে।

এআইয়ের বৈশ্বিক প্রতিযোগিতা তাই বাংলাদেশের জন্য একদিকে চ্যালেঞ্জ, অন্যদিকে নতুন শিল্প ও অর্থনৈতিক সম্ভাবনা তৈরির সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে হলে বিচ্ছিন্ন কিছু উদ্যোগের পরিবর্তে একটি সমন্বিত জাতীয় কৌশল প্রয়োজন। শিক্ষা ও গবেষণা, শিল্প খাতের বিনিয়োগ, প্রযুক্তিগত অবকাঠামো, তথ্যের নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের বিষয়গুলোকে একই নীতিকাঠামোর আওতায় আনতে হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের দায়িত্ব ও অগ্রাধিকার স্পষ্ট করতে হবে, যাতে বিনিয়োগের কার্যকারিতা মূল্যায়ন করা যায় এবং গবেষণার ফলাফল বাস্তব অর্থনীতিতে কাজে লাগে।

বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার পরবর্তী ধাপ হওয়া উচিত প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রযুক্তি তৈরির সক্ষমতা অর্জন। বিদেশি প্রযুক্তি গ্রহণের প্রয়োজন থাকবে, কিন্তু দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য নিজস্ব জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের ভিত্তি তৈরি করাও সমান জরুরি। এআইয়ের বিশ্বে বাংলাদেশের অবস্থান নির্ধারিত হবে আমরা কত দ্রুত প্রযুক্তি ব্যবহার করছি, তার পাশাপাশি কতটা নিজস্ব সমাধান তৈরি করতে পারছি, কতটা দক্ষ মানবসম্পদ গড়ে তুলছি এবং বৈশ্বিক বাজারে কতটা প্রতিযোগিতামূলক হতে পারছি, তার ওপর। এখনই কার্যকর পরিকল্পনা ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে বাংলাদেশ প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মেলানোর পাশাপাশি সেই পরিবর্তনের অংশীদারও হতে পারবে।