খুলনায় তাঁতী দল নেতা হত্যাকাণ্ড

ওয়ার্ড ছাত্রদল সভাপতিসহ ৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

জাতীয়তাবাদী তাঁতী দল খুলনা মহানগরী যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবির হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে নিহতের ছেলে সৈয়দ নুর আমিন সৌহার্ত্য বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেনসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত আসামি শেখ সিদ্দিক (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হালিমুর রহমান বলেন, ‘সিদ্দিককে রাতেই গ্রেপ্তার করা হয়। এছাড়া ছাত্রদলের আরাফাতসহ অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হচ্ছে না।’
গ্রেপ্তার হওয়া শেখ সিদ্দিক রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার মৃত শেখ ইদ্রিস আলী ওরফে ইদিল ফকিরের ছেলে।

এর আগে রোববার সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় খুন হন তাঁতী দল নেতা হুমায়ুন কবির।

ঘটনার সময় তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘আল-ক্যান্টিনো’ নামক রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হুমায়ুন কবির রায়ের মহল বড় মসজিদ এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে।