রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কবার্তা বিষয়ক অ্যাপে সাইবার হামলা চালানো হয়েছে। এর ফলে দুই দেশের নাগরিকদের কাছে ভুয়া সতর্কবার্তা পৌঁছেছে। প্রথমে ইউক্রেনের অ্যাপে সমস্যা দেখা দেয়। সেখানে রাজধানী কিয়েভে বিকিরণ বা রেডিয়েশন হুমকির ভুয়া বার্তা পাঠানো হয়। ইউক্রেন এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে। এর কয়েক ঘণ্টা পর রাশিয়াও তাদের অ্যাপে ব্যাপক সাইবার হামলার কথা জানায়। রাশিয়ার অ্যাপে ইউক্রেনের ড্রোন থেকে পারমাণবিক হামলার ভুয়া বার্তা দেয়া হয়। তবে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানায়, তাদের মূল সতর্কবার্তা ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইউক্রেনের খেরসন অঞ্চলের ওলেশকি শহরে ছয় দিনের একটি যুদ্ধবিরতি শেষ হওয়ার ঠিক কয়েক মিনিট আগে এই ভুয়া বার্তাগুলো পাঠানো হয়। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং পোপ চতুর্দশ লিওর মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মাধ্যমে শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়।
২০২২ সালের পর এটিই ছিল সবচেয়ে দীর্ঘ যুদ্ধবিরতি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে এই সময়ে সামরিক শক্তি বৃদ্ধির অভিযোগ করেছে। তবে কিয়েভের কর্মকর্তারা বলেন, এই পদক্ষেপ শান্তি প্রক্রিয়ার পথে একটি বড় অগ্রগতি হতে পারে। এদিকে রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনাতেও হামলা চালিয়েছে। রাশিয়া জানিয়েছে, মস্কোর পূর্বে তাদের কস্তোভো তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। এর ফলে সেখানে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে এবং ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক নারী আহত হন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া শনিবার রাতে তাদের চারটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। এর ফলে লাখ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে।
