চুয়াডাঙ্গায় এইচএসসি পাসের খবর ছড়ানোর পর বিলুপ্ত হলো জেলা ছাত্রদলের কমিটি

চুয়াডাঙ্গায় এইচএসসি পাসের খবর ছড়ানোর পর বিলুপ্ত হলো জেলা ছাত্রদলের কমিটি

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গায় ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি শাহজাহান খান। এর মধ্যেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি। তবে কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা ও মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি এবং মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল।

এরপর জেলায় আর কোনো নতুন কমিটি গঠন করা হয়নি। উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হন শাহজাহান খানের ছেলে জোনায়েব ইসলাম মাহি। ছেলের সাফল্যে আনন্দিত হয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তার ছবিসহ একটি পোস্ট দেন শাহজাহান খান। তারপর চুয়াডাঙ্গা জেলা সহ সারা দেশেই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়, পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল কমিটির বিলুপ্ত করা হয়।