বন্দর শ্রমিকদের ধর্মঘটে পাশে নিউইয়র্কবাসী, মেয়র মামদানির সমর্থন

বন্দর শ্রমিকদের ধর্মঘটে পাশে নিউইয়র্কবাসী, মেয়র মামদানির সমর্থন

ফন্ট সাইজ:

যুদ্ধ এবং অস্ত্র পরিবহনে বন্দর ব্যবহারের প্রতিবাদে শুক্রবার বিশ্বজুড়ে বন্দর শ্রমিকদের ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এক্সে দেয়া এক পোস্টে মামদানি লিখেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধের অস্ত্র পরিবহন ব্যাহত করতে ২২টি দেশের ১১৩টি বন্দরে ধর্মঘট করেছেন বন্দর শ্রমিকরা। নিউইয়র্কবাসী তাদের পাশে রয়েছে। তিনি আরও লিখেছেন, শ্রমজীবী মানুষ যখন নিজেদের শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হন, তখন আমরা একটি উন্নত বিশ্ব গড়ে তুলি।

বন্দর শ্রমিকরা যুদ্ধের জন্য কাজ করেন না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ধর্মঘটের কারণে জাহাজ চলাচল ও ফেরি পরিষেবা ব্যাহত হয়েছে। ধর্মঘটীরা উন্নত বেতন ও কর্মপরিবেশের পাশাপাশি যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে চলাচলকারী জাহাজে চিকিৎসক রাখার অধিকারও দাবি করেছেন। শুক্রবার গ্রিসের পিরেয়াস বন্দরে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে গ্রিক মার্চেন্ট মেরিন ইঞ্জিনিয়ার্স ইউনিয়নের প্রধান অ্যাপোস্টোলোস কিপ্রাইওস বলেন, আমরা তাদের যুদ্ধের জন্য কাজ করব না। আর তাদের কামানের গোলার খাদ্যও হব না।