আঞ্চলিক নানা সংকটের মধ্যে রাশিয়া, পোল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যুক্তরাষ্ট্রে পৃথক বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসব বৈঠকে ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বহুপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। ‘জয়শঙ্কর হোল্ডস কি টকস অ্যাজ রিজিওনাল ক্রাইসিস টেস্ট ইন্ডিয়ান ডিপ্লোম্যাসি’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়। এ শিরোনামের অর্থ- আঞ্চলিক সংকটের মধ্যে পরীক্ষার মুখে বা চাপে ভারতীয় কূটনীতি। এমন সময়ে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন জয়শঙ্কর।
এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ভিয়েতনাম সফর, ভারত ও সৌদি আরবের মধ্যে ফ্লাইট চলাচলে বিঘ্ন, নেপালে আটকে পড়া ছয় ভারতীয় পর্যটককে উদ্ধারের চেষ্টা এবং বাংলাদেশে পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ বিভিন্ন ঘটনা ঘটেছে। পিটিআই জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আটলান্টায় ভারতের কনস্যুলেট জেনারেল সরদার বল্লভভাই প্যাটেলের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন। প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
অন্যদিকে চীনে অবস্থিত ভারতের সাংহাই কনস্যুলেট তাদের আওতাধীন এলাকায় বসবাসরত ভারতীয় প্রবাসীদের কনস্যুলার সংক্রান্ত সমস্যাগুলোর দ্রুত সমাধানকে অগ্রাধিকার দিতে মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে। রোববার সরকারি সফরে ভিয়েতনামে পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার বৈঠক করার কথা।
নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত ও সৌদি আরবের মধ্যে বিমান চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। রোববার আকাসা এয়ার জেদ্দাগামী ও জেদ্দা থেকে আসা তাদের ফ্লাইট চলাচল ১৮ই নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে। এয়ারলাইনটি জানিয়েছে, রিয়াদগামী এবং রিয়াদ থেকে আসা ফ্লাইট চলাচল ৩০শে নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে ভারী তুষারপাতের কারণে নেপালের শে-ফোকসুন্ডো জাতীয় উদ্যান এলাকায় ছয় ভারতীয় পর্যটক আটকা পড়েছেন। তাদের মধ্যে দু’জন নারী রয়েছেন। শনিবার বিকেল থেকে তারা সেখানে আটকে আছেন। রোববার পিটিআইকে কর্মকর্তারা জানিয়েছেন, আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।
রোববার শ্রীলঙ্কার নৌবাহিনী দেশটির জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে সাত ভারতীয় জেলেকে আটক করেছে। এ সময় তাদের মাছ ধরার ট্রলারটিও জব্দ করা হয়।
এদিকে সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসী হুমকি নির্মূলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে আফগানিস্তানকে সতর্ক করেছে ইসলামাবাদ। পাকিস্তান বলেছে, সন্ত্রাসবাদ তাদের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। তালেবান সরকারের নিষ্ক্রিয়তার কারণে পাকিস্তানের জাতীয় নিরাপত্তাকে জিম্মি করে রাখা যাবে না।
বাংলাদেশে দীর্ঘদিনের বেতন বৃদ্ধির দাবিতে রোববার গাজীপুর ও ঢাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে সরকার একটি মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে।
