যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু

ফন্ট সাইজ:

আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমানবাহিনী। ‘কোপ সাউথ-২০২৬’ নামের পাঁচ দিনব্যাপী এই মহড়ায় দুই দেশের বৈমানিক, বিমান রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীরা অংশ নিচ্ছেন। গতকাল ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়া শুরু হয়। আগামী ৫ই নভেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান- বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত উপ-মিশনপ্রধান তৃষিতা মাওলা।
মহড়ায় সি-১৩০জে পরিবহন বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, পণ্য পরিবহন ও ব্যবস্থাপনা, বিমান চলাচলের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, বিমানঘাঁটির নিরাপত্তা এবং চিকিৎসা সহায়তার মতো বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।

ঢাকায় যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘কোপ সাউথ’ মহড়া আঞ্চলিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় দু’দেশের বিমানবাহিনীর সক্ষমতা বাড়াবে। সংকটের সময় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় দুই বাহিনীর দক্ষতা বাড়াতেও এই প্রশিক্ষণ সহায়ক হবে।

মহড়ায় দুই দেশের বিমানবাহিনীর সদস্যরা একসঙ্গে কাজ করার সুযোগ পাবেন। এর মধ্য দিয়ে পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং জরুরি পরিস্থিতিতে যৌথভাবে কাজ করার সক্ষমতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।