আগামীকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসের অতি গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনে নির্ধারিত হবে আগামী দু’বছর কংগ্রেস কাদের নিয়ন্ত্রণে থাকবে। যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায় ক্ষমতাসীন দল রিপাবলিকান, তাহলে ক্ষমতার বাকি মেয়াদে কাজ করা খুব কঠিন হয়ে পড়বে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জন্য। এমন অবস্থায় প্রচারণা শেষ। এর মধ্যেই আলাস্কার গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচন নিয়ে ফৌজদারি তদন্ত জোরদার করেছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে আসা হাজার হাজার ভোট গণনা নিয়ে চলমান আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে বলে জানিয়েছে প্রশাসন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আলাস্কায় ডেমোক্রেটিক দলের প্রার্থী মেরি পেলটোলার সহযোগীরা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়রকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে উৎসাহিত করেছিলেন কি না, তা তদন্ত করছেন কেন্দ্রীয় কৌঁসুলিরা। কারণ, তার নামের সঙ্গে রিপাবলিকান দলের বর্তমান সিনেটর ড্যান এস. সুলিভানের নামের মিল রয়েছে। মঙ্গলবারের নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ক্ষেত্রে এই হাড্ডাহাড্ডি লড়াইকে ডেমোক্রেটিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সিনেটের ৩৫টি আসন এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব ক’টিতে নির্বাচন হতে যাচ্ছে। এসব নির্বাচনের ফলেই নির্ধারিত হবে ট্রাম্পের রিপাবলিকান দল কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না। এতে আগামী দুই বছর, অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ মেয়াদে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য নির্ধারিত হবে। বর্তমানে সিনেটে রিপাবলিকানদের আসন ৫৩টি, ডেমোক্রেটিকদের ৪৭টি। প্রতিনিধি পরিষদেও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। এবার আগাম ভোটের ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাবের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫ কোটি ১০ লাখের বেশি মার্কিন নাগরিক সরাসরি কেন্দ্রে গিয়ে অথবা ডাকযোগে ভোট দিয়েছেন। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোটের দিনের আগে ভোট দিয়েছিলেন প্রায় ৪ কোটি ৬০ লাখ মানুষ।
ক্যালিফোর্নিয়ায় এ সপ্তাহে একটি ফেডারেল আপিল আদালত ২-১ ভোটে রায় দিয়েছেন, ২০ হাজারের বেশি নিবন্ধিত ভোটারের ডাকযোগে দেয়া ব্যালট আলাদা করে রাখার জন্য বিচার বিভাগ জরুরি আবেদন করলেও তার পক্ষে যথেষ্ট যুক্তি দেখাতে পারেনি। বিচার বিভাগের অভিযোগ, এসব ভোটারের অনেকেই সম্ভবত মার্কিন নাগরিক নন। শনিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভারপ্রাপ্ত উপ-অ্যাটর্নি জেনারেল ট্রেন্ট ম্যাককটার বলেন, চূড়ান্ত উত্তর দিতে কিছুটা দ্বিধা হচ্ছে। তবে আমার মনে হয়, পরবর্তী পদক্ষেপ সম্ভবত সুপ্রিম কোর্ট। তিনি জানান, সুপ্রিম কোর্টের শরণাপন্ন হওয়ার আবেদন করা হলে তা মঙ্গলবারের নির্বাচনের আগেই করা হবে।
এক মাস ধরে বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন ট্রাম্প। তবে শনিবার ফ্লোরিডার পাম বিচে নিজের মার-আ-লাগো ক্লাবে সময় কাটাচ্ছিলেন তিনি। রোববার কানসাস ও আইওয়ায় নির্বাচনী প্রচারে ফেরার কথা তার। আলাস্কায় বিচার বিভাগের শীর্ষ কৌঁসুলি ও মার্কিন অ্যাটর্নি মাইকেল হেইম্যান শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়রকে নির্বাচনে প্রার্থী করার উদ্যোগ নিয়ে দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত সাম্প্রতিক একটি প্রতিবেদন তদন্তে এফবিআই’র তৎপরতা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। তিনি জানান, এ ঘটনায় একাধিক কৌঁসুলিকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের বিভিন্ন পদক্ষেপ জোরালো ও দ্রুতগতিতে এগিয়ে চলছে। তবে মেরি পেলটোলা এবং তার নির্বাচনী প্রচার কমিটি দ্বিতীয় সুলিভানকে প্রার্থী হতে উৎসাহিত করার কোনো উদ্যোগে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। অবসরপ্রাপ্ত ওই শিক্ষকও পেলটোলার নির্বাচনী প্রচারশিবিরের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা অস্বীকার করেছেন। আলাস্কার ভোটাররা অবশ্য ব্যালটে দুই প্রার্থীর নামের মিল নিয়ে চলমান বিতর্ককে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। শনিবার অ্যাঙ্কোরেজের একটি ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে ৩৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা মিকি বাস্টার বলেন, কোন ড্যান সুলিভান কে, তা আমি জানতাম। ব্যালটে বিষয়টি খুবই পরিষ্কার। তবে অ্যাঙ্কোরেজের আরেক ভোটার ৫২ বছর বয়সী ক্যারল রিগস পুরো পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। তার আশঙ্কা, এ ধরনের ঘটনা কিছু ভোটারের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।
মিশিগানেও সিনেট নির্বাচন নিয়ে উত্তেজনা বাড়ছে। সেখানে ডেমোক্রেটিক দলের প্রার্থী আবদুল আল সায়েদের সঙ্গে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে প্রাথমিক নির্বাচনে যাকে হারিয়ে আল-সায়েদ ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেয়েছিলেন, সেই মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হ্যালি স্টিভেন্সের সঙ্গে তার বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, নির্বাচনের দিন পর্যন্ত আল-সায়েদের নির্বাচনী প্রচারের কোনো অনুষ্ঠানে অংশ না নিতে স্টিভেন্সকে অনুরোধ করেছে তার প্রচারশিবির। তাদের বক্তব্য, এতে প্রচারের মূল ইস্যুগুলো থেকে মানুষের মনোযোগ সরে যেতে পারে।
স্টিভেন্স অবশ্য আল-সায়েদকে সমর্থন জানিয়েছেন। তবে একটি বাইরের সংগঠনের বিজ্ঞাপনে নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য ইসরাইলকে দায়ী করার বিষয়টির নিন্দা জানাতে এবং ইসরাইল নিয়ে অতীতে দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইতে আল-সায়েদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মিশিগান স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী ম্যাট গ্রসম্যান বলেন, নির্বাচনের ঠিক আগে দলের ভেতরে এ ধরনের দৃশ্যমান বিভক্তি অব্যাহত থাকা নিঃসন্দেহে আল-সায়েদের প্রচারশিবিরের জন্য সহায়ক নয়। তবে জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, ডেমোক্রেটিক দলের সমর্থকদের বড় অংশের সমর্থন ইতিমধ্যে নিজের পক্ষে সংহত করতে পেরেছেন আল-সায়েদ।
ক্যালিফোর্নিয়ার ২০ হাজারের বেশি ভোটারের ব্যালট গণনা ঠেকানোর চেষ্টা ছাড়াও প্রায় ৩০টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসির বিরুদ্ধে মামলা করেছে ট্রাম্প প্রশাসন। এসব মামলায় ভোটার তালিকার কোনো তথ্য গোপন না রেখে সম্পূর্ণ তালিকা সরবরাহের দাবি জানানো হয়েছে। প্রশাসনের এসব আইনি পদক্ষেপে অঙ্গরাজ্যগুলোর নির্বাচন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সংবিধান অনুযায়ী, নির্বাচন পরিচালনার প্রধান কর্তৃত্ব অঙ্গরাজ্যগুলোর হাতে ন্যস্ত। শুক্রবার এক ফেডারেল বিচারক বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন, তাদের নির্দেশ অমান্য করলে ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার হুমকি দেয়া বন্ধ করতে হবে। শনিবার ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসম অঙ্গরাজ্যটির শীর্ষ ফেডারেল বিচারকদের সতর্ক করে বলেছেন, নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করার আগেই ব্যালট জব্দ করতে পরোয়ানা চাইতে পারে বিচার বিভাগ। তবে এ ধরনের কোনো আবেদন এখনো করা হয়েছে বলে তিনি জানেন না। বিচারকদের কাছে পাঠানো এক চিঠিতে নিউসম বলেন, ব্যালট জব্দ করার একমাত্র উদ্দেশ্য হতে পারে ভোট গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা।
