অনুমোদন প্রক্রিয়ায় আটকে গেল সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল

অনুমোদন প্রক্রিয়ায় আটকে গেল সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল

ফন্ট সাইজ:

শুরু হয়নি সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল। গতকাল থেকে পর্যটকদের জন্য জাহাজ খুলে দেয়ার কথা থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় শনিবার পর্যন্ত কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেয়নি কক্সবাজার জেলা প্রশাসন। ফলে পর্যটন মৌসুম শুরু হলেও নির্ধারিত দিনে সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোনো জাহাজ ছেড়ে যায়নি।

সূত্র মতে জাহাজ চলাচলের অনুমতি পেতে প্রয়োজনীয় নথিপত্র জমা ও বিভিন্ন সংস্থার ছাড়পত্র নেয়ার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। পাশাপাশি পর্যটকদের নিবন্ধনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্ধারিত ব্যবস্থাও পুরোপুরি কার্যকর হয়নি। সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী বুধবার বা বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল শুরুর সম্ভাবনা রয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান সায়েম গণমাধ্যমকে বলেন, পর্যাপ্ত কাগজপত্র দিতে না পারায় এখনো কোনো জাহাজকে সেন্টমার্টিনে চলাচলের অনুমতি দেয়া হয়নি। জাহাজ মালিকদের সংগঠনের নেতাদের বরাত দিয়ে তিনি বলেন, ট্যুরিজম বোর্ডের কাজগুলোও পুরোপুরি প্রস্তুত হয়নি। আগামী বুধবার জেলা প্রশাসক সেন্টমার্টিন দ্বীপে গিয়ে অংশীজনের সঙ্গে বৈঠক করবেন। এরপর জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, জাহাজ চালাতে পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র, নৌ-পরিবহন অধিদপ্তরের অনুমোদন, বিআইডব্লিউটিএ’র রুট পারমিট এবং কক্সবাজার জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন। কিন্তু এসব প্রক্রিয়া এখনো শেষ হয়নি। অন্যদিকে পর্যটকদের তথ্য সংগ্রহের জন্য ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যার চালুর কথা, সেটিও প্রস্তুত হয়নি। এ কারণে রোববার থেকে জাহাজ চালানো সম্ভব হচ্ছে না। তবে বৃহস্পতি বা শুক্রবার থেকে চলাচল শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে। জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, রোববার থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও জাহাজের ফিটনেস ও নিরাপত্তা নিশ্চিত না করে চলাচলের অনুমতি দেয়া হবে না। জাহাজ মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠকে চলাচল শুরুর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হতে পারে। তিনি জানান, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট ছাড়া টেকনাফ, শাহপরীর দ্বীপ কিংবা উখিয়া থেকে নৌযানে সেন্টমার্টিন যাওয়ার সুযোগ নেই। সরকার অনুমোদিত জাহাজে অনলাইন নিবন্ধনের মাধ্যমেই পর্যটকদের দ্বীপে যেতে হবে।