ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় একটি ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জের ধরে শনিবার উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কাঁঠালিয়া থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। ?জানা যায়, দক্ষিণ কৈখালী গ্রামের বান্দাঘাটা থেকে কৈখালী বাজার সড়কের পাশে পশ্চিম আউরা গ্রামের মো. আব্দুল মালেক হাওলাদারের ছেলে এবং ঢাকায় বসবাসকারী মো. মাজেদুল হাসান মনি একটি ফলের বাগান করেছেন। প্রায় ৪৫ শতক জমির ওই বাগানে সুপারি, রেন্ট্রি, আম, জাম, মালটা, আমড়া, কাঁঠাল, পেয়ারা, লেবু ও নারিকেলসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছিল।
অভিযোগ রয়েছে, কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের মো. জামাল মুন্সি, তার বড় ভাই জাকির মুন্সি ও জসিম মুন্সিসহ কয়েকজন ব্যক্তি পূর্বশত্রুতার জেরে শনিবার সকালে দলবল নিয়ে বাগানের সমস্ত গাছ কেটে ফেলেন। বাগানের দেখভালের দায়িত্বে থাকা ওবায়দুল মুন্সি বলেন, ‘মালিক ঢাকায় থাকায় আমি জমি ও বাগান দেখাশোনা করি। শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন বাগানের গাছগুলো কেটে ফেলে। আমি এর ভিডিও ধারণ করতে গেলে তারা আমাকে খুন-জখমের হুমকি দেয়। পরে বাধ্য হয়ে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’ ?জমির মালিক মো. মাজেদুল হাসান মনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ঢাকায় থাকি। আমার অনুপস্থিতিতে তারা সম্পূর্ণ পূর্বশত্রুতার জেরে আমার ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ধ্বংস করেছে। ?এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
