লংমার্চ শেষে ফেরার পথে জামায়াত নেতা-কর্মীদের বহনকারী বাসের ধাক্কায় নিহত ১, খাদে পড়ে আহত ২০

লংমার্চ শেষে ফেরার পথে জামায়াত নেতা-কর্মীদের বহনকারী বাসের ধাক্কায় নিহত ১, খাদে পড়ে আহত ২০

ফন্ট সাইজ:

খুলনায় ১১–দলীয় ঐক্যের লংমার্চে অংশগ্রহণ শেষে ফেরার পথে সাতক্ষীরার তালা উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বহনকারী একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। একই সময় আরেকটি বাস খাদে পড়ে জামায়াত-শিবিরের ২০ কর্মী আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল খালেক (৭০)। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, ‘খুলনায় ১১–দলীয় ঐক্যের লংমার্চে অংশগ্রহণ শেষে ফেরার পথে জামায়াতের নেতা-কর্মীদের বহনকারী বাসের ধাক্কায় আব্দুল খালেক নিহত হন। ওই একই সময়ে লংমার্চে অংশগ্রহণ শেষে ফেরার পথে আরেকটি বাস তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।’

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বলেন, ‘খুলনায় লংমার্চ শেষে ফিরে আসার পথে ওই বৃদ্ধাকে বাঁচাতে দিয়ে জামায়াত নেতা-কর্মীদের বহনকারী একটি বাস খাদে পড়ে যায়। এ সময় অন্তত ২০-২৫ জন নেতা-কর্মী আহত হন।’

আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।