মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে তিনি এই মানহানির মামলা করেছিলেন। জেফ্রি এপস্টেইনকে লেখা ট্রাম্পের একটি কথিত জন্মদিনের চিঠি নিয়ে পত্রিকাটি প্রতিবেদন প্রকাশ করেছিল। শনিবার এক মার্কিন বিচারক মামলাটি চূড়ান্তভাবে খারিজ করে দেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
এর আগে এপ্রিলেও মামলাটি খারিজ করা হয়েছিল। তবে তখন ট্রাম্পকে তার অভিযোগ সংশোধনের সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু শনিবার বিচারক মামলাটি ‘উইথ প্রেজুডিস’ হিসেবে খারিজ করেন। এর অর্থ হলো মামলাটি আর সংশোধন বা পুনরায় দায়ের করা যাবে না। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে দাবি করে, ২০০৩ সালে জেফ্রি এপস্টেইনকে একটি ‘অশ্লীল’ চিঠি পাঠিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প এই চিঠির কথা অস্বীকার করে জানান, এটি সম্পূর্ণ বানোয়াট।
বিচারক ড্যারিন পি গেইলস জানান, ট্রাম্প তার সংশোধিত অভিযোগে প্রকৃত বিদ্বেষের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। কোনো সরকারি ব্যক্তির মানহানির দাবি প্রমাণের জন্য এটি অন্যতম প্রধান শর্ত। আদালত আরও জানান, সংবাদ প্রকাশের আগে পত্রিকাটি ট্রাম্পের বক্তব্য নেয়ার চেষ্টা করেছিল এবং তার অস্বীকৃতির কথাও প্রতিবেদনে যুক্ত করেছিল। এটি প্রমাণ করে যে তারা সঠিক সাংবাদিকতার মানদণ্ড মেনে চলেছে। এই মামলায় রুপার্ট মারডকের নাম থাকায় এটি বেশ নজর কেড়েছিল। মারডক ট্রাম্পের অন্যতম প্রধান গণমাধ্যম মিত্র হিসেবে পরিচিত। তার নিউজ কর্পোরেশনই ওয়াল স্ট্রিট জার্নালের মালিক। ২০২৫ সালের ১৭ই জুলাই প্রতিবেদনটি প্রকাশের আগে ডনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে মারডকের সঙ্গে যোগাযোগ করে তা আটকানোর চেষ্টা করেন।
তবে ট্রাম্পের আইনি দলের এক মুখপাত্র জানান, তারা ভুয়া খবর প্রচারকারীদের জবাবদিহির আওতায় আনতে কাজ চালিয়ে যাবেন। অন্যদিকে ডাও জোনসের এক মুখপাত্র আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
