১০-৩০ কাউন্টের সুতা আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা স্থগিত

ফন্ট সাইজ:

১০ থেকে ৩০ কাউন্টের তুলার সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেয়া নির্দেশনা বাস্তবায়ন স্থগিত রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এনআর গ্রুপের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান আরিফ নিট স্পিন লিমিটেডসহ সাতটি প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়ের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করে।

আদালত একই সঙ্গে গত ১৩ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত, অবৈধ ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
রিট আবেদনের তথ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস: রপ্তানি ও বন্ড) ১০ থেকে ৩০ কাউন্টের তুলার সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ জারি করেন। একই সঙ্গে এ ধরনের সুতা আমদানির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়।

এর ছয় দিন পর, ১৩ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগ-৮-এর উপপ্রধান একটি অফিস আদেশ জারি করে এনবিআরের ওই নির্দেশনার বাস্তবায়ন স্থগিত রাখেন। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে সাতটি প্রতিষ্ঠান। রিট আবেদনে বাণিজ্য, অর্থ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়েছে।
অন্য বিবাদীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, এনবিআরের চেয়ারম্যান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার।

রিট আবেদনকারীদের আইনজীবী ও ইক্যুইটি লিগ্যাল অ্যালায়েন্সের পার্টনার মো. কায়সারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও এ-সংক্রান্ত তথ্য যাচাই করা হয়েছে।