রাইট ব্যাক পজিশনে খেলে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন আশরাফ হাকিমি। শুধু নিজে গোল করাই নয়, প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ৫-১ ব্যবধানের বড় জয়ে সতীর্থদের দিয়েও দুটি গোল করালেন এ মরক্কান তারকা। ফরাসি লীগ ওয়ানে লা হাভ্রের মাঠে এই জয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো লুইস এনরিকের দল। একই সঙ্গে পিএসজির ইতিহাসের সফলতম কোচ হিসেবে লরা ব্লাকে টপকে নতুন এক মাইলফলক গড়লেন এনরিকে।
চোটের কারণে খিচা কাভারেৎস্কেলিয়া ও উসমান দেম্বেলেদের অনুপস্থিতিতে দল যখন কিছুটা কোণঠাসা, তখনই একক নৈপুণ্যে ব্যবধান গড়ে দেন হাকিমি। ম্যাচের অষ্টাদশ মিনিটে পিছিয়ে পড়ার পর মিকা গটসের গোলে সমতায় ফেরে পিএসজি। এরপর শুরু হয় হাকিমি শো। ২৮ মিনিটে দলকে এগিয়ে নেয়ার পর ৫৫ মিনিটে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৬২ মিনিটে সেনি মায়ুলুর গোলেও ছিল তার অবদান। আর ৬৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে অনন্য এক উচ্চতায় পৌঁছান ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার।
পরিসংখ্যান বলছে, ইউরোপের শীর্ষ পাঁচ লীগে গত চার মৌসুমে এক ম্যাচে পাঁচ গোলে অবদান রাখা চতুর্থ ফুটবলার হাকিমি। ফরাসি লীগে এর আগে ২০২২ সালে সবশেষ এই কীর্তি গড়েন নেইমার। এছাড়া ২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের মালিকানাধীন যুগে পিএসজির অফিশিয়াল প্রতিযোগিতায় ২০০০তম গোলের ঐতিহাসিক মাইলফলকও স্পর্শ করেন এই রাইট ব্যাক।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত হাকিমি বলেন, ‘এটি আমার জন্য দারুণ এক রাত। জয় তো বটেই, ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক হওয়ায় অনুভূতি অন্যরকম। পিএসজির জার্সিতে যতটা সম্ভব গোল করে যেতে চাই।’
ব্যক্তিগত নৈপুণ্যের এই ম্যাচে কোচ লুইস এনরিকে ছুঁয়েছেন ক্লাব ইতিহাসের রেকর্ড। ২০২৩ সালে দায়িত্ব নেয়ার পর এটি ছিল পিএসজির ডাগআউটে তার ১২৭তম জয়। এর মাধ্যমে লরা ব্লার ১২৬ জয়ের রেকর্ড টপকে এককভাবে ক্লাবের সবচেয়ে বেশি জয় পাওয়া কোচের আসনে বসলেন এনরিকে। পাশাপাশি ইউরোপের শীর্ষ পাঁচ লীগের কোচদের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ জয়ের রেকর্ডও এখন তার দখলে।
রেকর্ড গড়ার পর শিষ্যদের কৃতিত্ব দিয়ে এনরিকে বলেন, ‘এই মানের একটি ক্লাবের কোচ হওয়া এবং এমন অবিশ্বাস্য ফুটবলারদের পাওয়া আমার জন্য সৌভাগ্যের। প্যারিসে ইতিহাস গড়ার এই যাত্রা আমরা অব্যাহত রাখতে চাই।’
