ভারতের বেঙ্গালোরে একটি পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের বিলাসবহুল কনরাড হোটেলে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আহত হয়েছেন আরও দু’জন। নিহত দু’জনের একজন জার্মানির নাগরিক, অন্যজন স্লোভাকিয়ার। তারা দু’জনই ওই হোটেলে অবস্থান করছিলেন। নিহত জার্মান নাগরিকের নাম আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস। ৫৭ বছর বয়সী এই ব্যক্তি লুফথানসা এয়ারলাইনসের ক্রু সদস্য ছিলেন। অন্যদিকে, নিহত স্লোভাকিয়ার নাগরিকের নাম জুরাজ হরভাট। ৪৫ বছর বয়সী হরভাট প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় হোটেলের তৃতীয় তলায় অবস্থিত সুইমিংপুলে সাঁতার কাটতে যান তারা। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আহত হন হোটেলের অতিথি ৪১ বছর বয়সী মার্কিন নাগরিক ম্যাথিউ ডেসান্টিস এবং ২৮ বছর বয়সী ভারতীয় পুল অ্যাটেনডেন্ট রাহুল তিওয়ারি। আহত দু’জনকে মণিপাল হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। কীভাবে সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ বিষয়ে এ পর্যন্ত হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শনিবার সকালে হোটেলটির ওয়েবসাইটে জানানো হয়, রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সুইমিংপুল বন্ধ থাকবে। হিলটন গ্রুপের মালিকানাধীন কনরাড একটি বিলাসবহুল ২৪ তলা পাঁচ তারকা হোটেল। সেখানে একটি সাধারণ কক্ষের প্রতি রাতের ভাড়া কমপক্ষে ২৫ হাজার ভারতীয় রুপি। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
বেঙ্গালোরে পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ ঘন্টা আগে
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬, ১২ঃ৫৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
