মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর ২২ দিনে ২১২ অভিযান

৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ

মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর ২২ দিনে ২১২ অভিযান

ফন্ট সাইজ:

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ ২১২টি অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী। এ সময় ৬১ কোটি ১৮ লাখ টাকার বেশি অবৈধ জাল, মাছ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। যার মধ্যে ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার অবৈধ জাল, ১৬৬টি বিভিন্ন ধরনের জাল, চারটি বোট, ৫৭০ কেজি মা ইলিশ রয়েছে। এছাড়াও ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নৌবাহিনী জানায়, গত ৮ অক্টোবর শুরু হওয়া ২২ দিনব্যাপী এ অভিযান ২৯ অক্টোবর শেষ হয়। দেশের নয়টি জেলায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। এ সময় প্রতিনিয়ত সাতটি জাহাজ, উল্লেখযোগ্য সংখ্যক বোট, কন্টিনজেন্ট এবং মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফটের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হয়। নৌবাহিনীর অভিযানে জব্দ করা এসব অবৈধ জাল, মাছ ও অন্যান্য সরঞ্জামের সর্বমোট ভিত্তিমূল্য ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা।

অভিযানে জব্দ করা অবৈধ জাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা মা ইলিশ স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে। এ ছাড়া জব্দ করা বোটগুলো স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।