প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক সই

ফন্ট সাইজ:

বাংলাদেশের সঙ্গে চারটি সমঝোতা স্মারকে সই করেছে জাপান। এর পাশাপাশি দুটি অনুদান চুক্তি ও একটি অভিপ্রায়পত্রও সই হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের তৃতীয় দিন বুধবার টোকিওতে এসব চুক্তি সই হয়। এর মাধ্যমে ঢাকা-টোকিও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিফ্রিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাপান ও বাংলাদেশের মধ্যে সই হওয়া চুক্তি ও সমঝোতার বিষয়গুলো হলো- বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে টহলজাহাজ সরবরাহে অনুদান চুক্তি।

-জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়নসংক্রান্ত সমঝোতা স্মারক।
-জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।
-দক্ষতা উন্নয়ন কর্মসূচি (ইএসডিপি) বাস্তবায়ন ও কর্মসংস্থানসংক্রান্ত সমঝোতা স্মারক।
-জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।

-জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াতে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে অভিপ্রায়পত্র (এলওআই)।

এর আগে প্রধানমন্ত্রীর জাপান সফরবিষয়ক এক ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, দুই দেশের মধ্যে ৮টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রয়েছে। যারমধ্যে ৩ থেকে ৪টি সই হতে পারে। প্রসঙ্গত, গত সোমবার সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন তিনি। সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীরাও রয়েছেন। তারেক রহমানের এই সফরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক মজবুতের প্রত্যাশা তৈরি হয়েছে।