বটিয়াঘাটা থানার বিতর্কিত ওসি প্রত্যাহার

বটিয়াঘাটা থানার বিতর্কিত ওসি প্রত্যাহার

ফন্ট সাইজ:

খুলনায় পৃথক তিনটি স্থানে যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে গুলি করার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এসব ঘটনায় থানায় মামলাও হয়নি। এর মধ্যে বটিয়াঘাটা উপজেলায় দু’টি গুলির ঘটনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। ওসি মারুফ হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসীদের লালনপালন, ভূমিদস্যুদের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।

জানা গেছে, বটিয়াঘাটায় দু’টি গুলির ঘটনার পর বুধবার ওসি মারুফ হোসেনকে প্রত্যাহার করা হয়। গত ৫ই জুন তিনি ওই থানায় যোগ দিয়েছিলেন। তার স্থলে পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমানকে পদায়ন করা হয়েছে। বুধবারই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। এ বিষয়ে খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুখ জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বটিয়াঘাটা থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দু’জনকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অপরাধীদের চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।