আগামী বছরের মধ্যেই মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি

আগামী বছরের মধ্যেই মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা আগামী এক বছরের মধ্যে শেষ করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। বুধবার সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গেও এ আলোচনা শুরু হবে। বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশীয় বাজারে ডালের পর্যাপ্ত সরবরাহ নিয়ে এক সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মালয়েশিয়ার সঙ্গে এফটিএ নিয়ে অগ্রগতির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, গত মঙ্গলবার দুই দেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে প্রথম দফার আলোচনা শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যে আলোচনা শেষ করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন করাই সরকারের লক্ষ্য। বাণিজ্যমন্ত্রী বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা দ্রুত শেষ করে চুক্তির দিকে এগোনোর চেষ্টা চলছে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা চলমান। এছাড়া ইন্দোনেশিয়া, হংকং, ওমান ও নিউজিল্যান্ডের সঙ্গে আলোচনা শুরু হবে। বড় বাণিজ্যিক জোট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শুরু করা হবে।

এফটিএর প্রয়োজনীয়তা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশ বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত ও কম শুল্কে প্রবেশের যে সুবিধা পাচ্ছে, তা হারানোর আশঙ্কা রয়েছে। যদিও ইউরোপীয় ইউনিয়নসহ কিছু দেশ বাড়তি সময়ের সুযোগ দিয়েছে, এসব সুবিধাও শর্তসাপেক্ষ। তিনি বলেন, মুক্তবাণিজ্য চুক্তি হলে বাংলাদেশের অগ্রাধিকারপ্রাপ্ত পণ্যগুলো সংশ্লিষ্ট দেশের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশের সুযোগ পাবে। এতে রপ্তানি বাড়ানোর পাশাপাশি নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি হবে।

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্য নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশটি থেকে বাংলাদেশ বেশি পরিমাণে পাম তেল আমদানি করে। দুই দেশের বাণিজ্য বর্তমানে মালয়েশিয়ার অনুকূলে রয়েছে। এফটিএ কার্যকর হলে মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানি বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগও তৈরি হবে।
জানা গেছে, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রথম দফার আলোচনা মঙ্গলবার ঢাকায় শুরু হয়। এজন্য মালয়েশিয়ার ৩০ সদস্যের একটি প্রতিনিধি দলও বাংলাদেশে এসেছে। ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ওই দেশের বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমআইটিআই) জ্যেষ্ঠ কর্মকর্তা ড. রশিদি সাইদ এর।