রাঙ্গুনিয়ায় দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়ায় দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর এলাকায় বিলের পাশ থেকে  তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম নেজাম উদ্দিন (৫০)। তিনি মীরেরখীল স্লুইস গেট এলাকার বাসিন্দা। পেশায় দিনমজুর ছিলেন। জীবিকার প্রয়োজনে চাষাবাদের পাশাপাশি গাছ কাটার কাজও করতেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মীরেরখীল এলাকায় বন্যহাতির হাত থেকে ক্ষেতের পাকা ধান রক্ষা করতে রাতে পাহারা দিতে গিয়েছিলেন নেজাম উদ্দিন। সকালে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে কালিছড়ি ব্রিজ সংলগ্ন মাতব্বর বাড়ির পাশের সড়কে বৃষ্টির পানির মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তার দুই হাত কনুই থেকে কাটা অবস্থায় ছিল।

নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, ‘রাতে ক্ষেতের পাকা ধান পাহারা দিতে গিয়েছিলেন তার ভাই। সকাল হয়ে গেলেও বাড়ি না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সড়কের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন।’

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’