অনুমতি না নিয়ে বাদীর ছবি ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাদী সানায়া আনাম আয়াফিকাহ চৌধুরী সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের মাধ্যমে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট শুভ্র সিনহা রায়। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, বিবাদী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেছেন বাদী। মামলাগুলো চলমান রয়েছে।
বিবাদী তানজিন নাহার তিশা বিগত ২৭ অক্টোবর তার ফেরিফায়েড ফেসবুক পেইজে বাদীর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াচ্ছেন। এছাড়াও বিবাদী তানজিন নাহার তিশা দেশের গণমাধ্যমকেও ভুলভাবে উপস্থাপন করে যাচ্ছেন। নোটিশে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ৭ নভেম্বর বিবাদী তানজিন নাহার তিশা তার ফেসবুক মেসেঞ্জারে বাদীকে ভাইরালের হুমকি দেন। সেখানে তিশা বলেন, ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে। বাদী বলেন, তিশা তারই ধারাবাহিকতায় তার ছবি ফেসবুকে আপলোড দিয়ে সম্মানহানির ঘটনায় লিপ্ত রয়েছেন। নোটিশে বলা হয়েছে, তিশা ফেসবুকে লেখেন, এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন। বাস্তবিকভাবে বাদী ও ছবি শেয়ার করা অপর নারী কখনো বোন নয়। তিশা অপর নারীকে বোন বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় ভুলভাবে উপস্থাপন করছেন।
প্রকৃতপক্ষে বাদী একজন ফ্যাশন ডিজাইনার ও অপরজন একজন নারী উদ্যোক্তা। সেই হিসেবে তাদের মধ্যে পরিচয় রয়েছে। তিশা এই সম্পর্ককে নেতিবাচক হিসেবে ব্যবহার করে বাদীর মানহানি ঘটিয়ে যাচ্ছে। নোটিশে আরও বলা হয়েছে, তিশা তার ফেসবুক পোস্টে দুইজন মাইনরের ছবি প্রকাশ করেছেন। এগুলো ছবি প্রকাশের ক্ষেত্রে বাদীর ও শিশুর পরিবারের কোনো অনুমতি নেওয়া হয়নি, যা সাইবার সুরক্ষা আইন ২০২৩ এর সুস্পষ্ট লঙ্ঘন।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তিশার ভেরিভায়েড ফেসবুক পেজ থেকে বাদীর সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে এবং ভবিষ্যতে বাদীর কোনো ছবি ফেসবুক পেজে প্রকাশ না করতে। অন্যথায় বাদী আইনজীবীর মাধ্যমে তিশার বিরুদ্ধে আর্থিক মানহানি এবং সাইবার ট্রাইব্যুনালসহ যেকোনো আদালতে আইনি প্রতিকার নিতে বাধ্য হবে।
