রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবের ঘোর বিরোধী ছিলেন সোনিয়া

রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবের ঘোর বিরোধী ছিলেন সোনিয়া

ফন্ট সাইজ:

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেছেন যে, তার স্বামী রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি তিনি “পুরোপুরি অপছন্দ” করেছিলেন। তিনি আরও জানিয়েছেন, তার আসন্ন স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এ তিনি যেভাবে ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন, তা সম্ভবত একটি “তামাশা” বা হট্টগোলের সৃষ্টি করতে পারে।
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা একটি ভিডিওতে সোনিয়া গান্ধী বলেন, আমার স্বামীকে যখন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয়া হয়, তখন আমি তার ঘোর বিরোধী ছিলাম।
কেন তিনি এই স্মৃতিকথা লেখার সিদ্ধান্ত নিলেন, তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানিয়েছেন, এই বইটি তাকে নিজের অভিজ্ঞতার আলোকে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরার সুযোগ করে দিয়েছে।

“আমার সম্পর্কে কারো কারো দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে হয়তো তা নেতিবাচকও হতে পারে, তবে এটাই স্বাভাবিক। বই লিখলে বা জনজীবনে থাকলে এমনটা ঘটতেই পারে।’’
সোনিয়া গান্ধীর এই মন্তব্যগুলো থেকে স্পষ্ট সেই স্মৃতিকথার বিষয়বস্তু ব্যক্তিগত ও রাজনৈতিক উভয় দিক থেকেই কতটা সংবেদনশীল হতে পারে তার একটি প্রাথমিক ইঙ্গিত দেয়।

ইতালিতে শৈশব থেকে শুরু করে ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে কাটানো কয়েক দশক পর্যন্ত সোনিয়া গান্ধীর যাত্রাপথ উঠে এসেছে এই বইটিতে, যা ১০ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে।
তার বর্ণনায় নেহরু-গান্ধী পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে রাজনীতিতে রাজীব গান্ধীর আগমন, যে মর্মান্তিক ঘটনাগুলো এই পরিবারের গতিপথ বদলে দিয়েছিল এবং ২০০৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট জয়ী হওয়ার পর তার নিজের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্তটি।