জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নাটোর ৪ আসনের এমপির ছেলে

ছাত্রদল নেতা শাকিল হত্যা

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নাটোর ৪ আসনের এমপির ছেলে

ফন্ট সাইজ:

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। গত সোমবার রাতে ঢাকায় শাকিলের মৃত্যুর পরেই তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

এদিকে শাকিলের মৃত্যুর খবরে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে হত্যার বিচার ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় তার সংশ্লিষ্টতা সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে হামলায় আহত হন শাকিল ইসলাম। ঢাকার বাংলাদেশে মেডিকেল বিশ্বদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ১২দিন পর গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। শাকিল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে এবং নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে হেলমেট পরা মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই রাউন্ড গুলিও ছুড়ে দুর্বৃত্তরা। শাকিল পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। পরদিন উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানে সোমবার রাতে তার মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘গত ১৯ অক্টোবর শাকিলের বাবা থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছেনা। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।’