সৌদি আরবকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবে পাকিস্তান। এ কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরবের প্রতিরক্ষা নিশ্চিত করা ইসলামাবাদের কাছে নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা রক্ষার মতোই গুরুত্বপূর্ণ। আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তান, সৌদি আরব, ইরান ও তুরস্কের কূটনৈতিক তৎপরতা নিয়ে জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন খাজা আসিফ। এ সময় হুতিদের সংশ্লিষ্টতা নিয়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় আসে।
পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ইরান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তেহরানে বৈঠক করেন। বৈঠকে চার দেশ আঞ্চলিক সহযোগিতা জোরদারে সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়। সৌদি আরবকে লক্ষ্য করে চালানো হামলার প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন, সৌদি আরবকে রক্ষা করা আমাদের দায়িত্ব। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আনুষ্ঠানিক চুক্তির সীমা ছাড়িয়ে গেছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, রিয়াদকে পূর্ণ সমর্থন দেবে ইসলামাবাদ। তিনি বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা যেমন আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, সৌদি আরবের প্রতিরক্ষাও আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।
খাজা আসিফ এমন একটি চুক্তির কথাও উল্লেখ করেন, যার আওতায় তার ভাষ্য অনুযায়ী, তিনটি দেশ লিখিতভাবে অঙ্গীকার করেছে যে চুক্তির আওতাভুক্ত কোনো হুমকি দেখা দিলে তারা যৌথভাবে তার মোকাবিলা করবে। তিনি বলেন, ইনশাআল্লাহ, এখন তিনটি দেশ যুক্ত হয়েছে এবং চুক্তির মাধ্যমেও অঙ্গীকারবদ্ধ হয়েছে। যেকোনো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে আমরা একে অপরের ভূখণ্ড রক্ষা করব।
তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী ও তুরস্কের গোয়েন্দাপ্রধানের বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাজা আসিফ। বৈঠকটি হুতিদের হামলা কিংবা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে জড়িয়ে বৃহত্তর সংঘাতের আশঙ্কার সঙ্গে সম্পর্কিত কি না, তা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার মূল্যায়ন অনুযায়ী, এই উদ্যোগের সঙ্গে সৌদি আরবকে ঘিরে চলমান পরিস্থিতির সম্পর্ক বেশি। তবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনায় কথা হয়ে থাকতে পারে। খাজা আসিফ বলেন, তেহরানে সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতি এই কূটনৈতিক তৎপরতার গুরুত্ব তুলে ধরে। ফিল্ড মার্শাল আসিম মুনিরের উদ্যোগের ফলেই এই প্রচেষ্টা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
