ইতালির ডলোমাইটস পর্বতমালার একটি খাড়া অংশ থেকে প্রায় এক হাজার ফুট নিচে পড়ে এক মার্কিন নারী পর্যটকের মৃত্যু হয়েছে। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত ১৭ই অক্টোবর ৩৬ বছর বয়সী মিশেল আলেজান্দ্রা রুবিও লেইভা নামের ওই নারী ছবি তোলার জন্য ভালো জায়গা খুঁজতে গিয়ে পা পিছলে পড়ে যান। ফ্লোরিডার মিয়ামি এলাকার বাসিন্দা মিশেল তার পরিবারের সঙ্গে ইতালিতে ছুটিতে গিয়েছিলেন।
ঘটনার দিন প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় ফোরসেলা পোরদোই নামক একটি আলপাইন পাসে হাইকিং করার সময় তিনি নির্ধারিত পথ থেকে সরে গিয়েছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ছবি তোলার জন্য একটি সুবিধাজনক জায়গা খুঁজতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তার বোনের সামনেই নিচে পড়ে যান। তবে উদ্ধারকারী দলের নথিতে বলা হয়েছে, পাহাড়ের একটি অরক্ষিত অংশে তিনি পা পিছলে পড়ে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীদের কল পেয়ে ট্রেন্টিনো আলপাইন অ্যান্ড স্পেলিওলজিক্যাল রেসকিউ টিমের সদস্যরা এবং একটি এয়ার অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু চিকিৎসা কর্মীরা সেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করেন। পরে হেলিকপ্টারের মাধ্যমে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এবং তার পরিবারের সদস্যদের নিকটবর্তী কানাজেই শহরে নিয়ে যাওয়া হয়।
সম্প্রতি ইতালির ডলোমাইটস পর্বতমালায় অতিরিক্ত পর্যটকের ভিড় এবং পাহাড় উপভোগ করার চেয়ে কেবল ছবি তোলার এই প্রবণতা নিয়ে অনলাইনে ব্যাপক সমালোচনা হচ্ছে।
