রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি–সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫–এর বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পী এ আদেশ দেন।
শুনানিতে আখতারুজ্জামানের পক্ষের আইনজীবী শিশির মনির, আবদুর রাজ্জাকসহ কয়েকজন জামিন চান। রাষ্ট্রপক্ষ থেকে ওমর ফারুক ফারুকী এ জামিনের বিরোধিতা করেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির–সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গত ১ অক্টোবর আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়। পরদিন ২ অক্টোবর ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
