মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ফারজানা রূপার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৫ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ

জুলাই আন্দোলনে উস্কানির অভিযোগ

মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ফারজানা রূপার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৫ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ

ফন্ট সাইজ:

জুলাই আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানিমূলক প্রশ্ন করার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ফারজানা রূপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় আগামী ৫ই জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এদিকে, ইলিয়াস আলী গুমের অভিযোগে করা মামলায় আগামী ২৫শে জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনাল-১।

এদিন, ট্রাইব্যুনালে হাজির করা তিন সাংবাদিক হলেন—ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা।

প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গত ২৪শে আগস্ট এই তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ই অক্টোবর দিন ধার্য করা হয়েছিল। সে অনুযায়ী আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ই জুলাই গণভবনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেন বলে প্রসিকিউশনের অভিযোগ। অভিযোগে বলা হয়, সাংবাদিকদের ওই প্রশ্নের সূত্র ধরেই তৎকালীন প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন। পরবর্তী সময়ে এসব উসকানি ও প্ররোচনার ধারাবাহিকতায় জুলাই-আগস্টজুড়ে দেশজুড়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।