টাঙ্গাইল সদরের করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকাগামী মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরুসহ পিকআপ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৩৪ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। রোববার হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. মিজান (৫০)। পুলিশ বলছে, মিজান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের মোট ৩৪টি মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ২০মিনিটে মধুপুর (এলেঙ্গা) মহাসড়কে একটি মাইক্রোবাসে ৫-৬ জনের একটি ডাকাত দল খুদিরামপুর এলাকায় গরুবাহী পিকআপের গতিরোধ করে। ডাকাত দল পিকআপে থাকা চারজন ব্যক্তি মধ্যে তিনজনকে নামিয়ে দেয় এবং অপর ব্যক্তিকে নামানোর জন্য ধস্তাধস্তি করতে থাকেন। এ সময় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। ডাকাত দলের অন্যান্য সদস্যরা মাইক্রোবাসে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করা হয়। ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
