বিশ্বের যে কোনো স্থানের যুদ্ধ সর্বত্র শান্তির জন্য হুমকি, আমরা চুপ থাকতে পারি না: জয়শঙ্কর

বিশ্বের যে কোনো স্থানের যুদ্ধ সর্বত্র শান্তির জন্য হুমকি, আমরা চুপ থাকতে পারি না: জয়শঙ্কর

ফন্ট সাইজ:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বিশ্বের যে কোনো স্থানের যুদ্ধ সর্বত্র শান্তির জন্য হুমকি। তাই আমরা চুপ থাকতে পারি না। রোববার জাতিসংঘ দিবস উপলক্ষে দিল্লিতে চিন্ময় অমৃত মহোৎসব এবং গ্লোবাল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। 

ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে মানুষ ও অর্থনীতির উপর এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।

আন্তর্জাতিক সম্প্রদায় যে নীরব দর্শক হয়ে থাকতে পারে না, সে কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ভারত সংঘাত নিরসনে নিজস্ব প্রচেষ্টা চালাচ্ছে এবং শান্তি পুনরুদ্ধারে অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, “আমরা অসহায় দর্শক হয়ে থাকতে পারি না। যখন আমরা বলি যে, সংলাপ ও কূটনীতিই একমাত্র সমাধান, তখন ভারত বিশ্ববাসীর মনোভাবই প্রকাশ করে। আমরা নিজেরা প্রচেষ্টা চালাচ্ছি এবং এই লক্ষ্যে অন্যান্য সহযোগীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

জয়শঙ্কর ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাত নিরসনের একমাত্র উপায় হলো সংলাপ ও কূটনীতি। তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার সংঘাতের কথা উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, “আজ বিশ্বে দুটি বড় সংঘাত চলছে: একটি ইউক্রেনে এবং অন্যটি পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে। দূরের সমাজ ও অর্থনীতি, সেখানকার মানুষ, যাদের এই বিষয়ে বলার মতো তেমন কিছু নেই, তারাই আসলে এর মূল্য দিচ্ছে।”

পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদকে বিশ্বশান্তির জন্য আরেকটি বড় হুমকি হিসেবে চিহ্নিত করে বলেছেন, “রাষ্ট্র পরিচালনার হাতিয়ার” হিসেবে এর ব্যবহার “একেবারেই অগ্রহণযোগ্য” এবং একে কোনোভাবেই সমর্থন বা যৌক্তিকতা দেওয়া যায় না। তিনি আরও যোগ করেন, সন্ত্রাসবাদের হুমকি অব্যাহত রয়েছে। কারণ সব দেশ এর প্রতি শূন্য সহনশীলতা প্রদর্শন করে না।