ভুয়া পাসপোর্টে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়ার চেষ্টা, এফবিআইয়ের জালে ভারতীয় গ্যাংস্টার হিমাংশু

ভুয়া পাসপোর্টে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়ার চেষ্টা, এফবিআইয়ের জালে ভারতীয় গ্যাংস্টার হিমাংশু

ফন্ট সাইজ:

উত্তর আমেরিকায় রাজনৈতিক আশ্রয় নেয়ার কৌশলই কাল হলো ভারতের অন্যতম পলাতক গ্যাংস্টার হিমাংশু ভাউয়ের। ভুয়া পাসপোর্টের মাধ্যমে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আশ্রয় নেয়ার এই ফন্দি তার এবং তার সহযোগী নিরাজ ফরিদপুরিয়ার জন্য বুমেরাং হয়েছে।

গত ফেব্রুয়ারিতে তারা এই পরিকল্পিত আটকের ছক কষেছিলেন। কিন্তু আশ্রয়ের আবেদনের পর তাদের বায়োমেট্রিক তথ্য যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) সিস্টেমে জমা পড়তেই বিপত্তি বাধে। হিমাংশু ‘হিমাংশু সিংরোহা’ এবং নিরাজ ‘নিরাজ কৌশিক’ নামের ভুয়া পাসপোর্ট ব্যবহার করেছিলেন।

আইসিই পোর্টালে তথ্যের সূত্র ধরে যুক্তরাষ্ট্র ও ভারতীয় গোয়েন্দারা তদন্ত শুরু করেন। এরপর পুলিশি নথিপত্র এবং ছবির মাধ্যমে তাদের আসল পরিচয় নিশ্চিত করা হয়।

বর্তমানে তারা নেভাদার হেন্ডারসন ডিটেনশন সেন্টারে বন্দি আছেন। লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলও এর আগে একই পদ্ধতিতে ধরা পড়েছিলেন। হিমাংশু এবং নিরাজের বিরুদ্ধে দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবে হত্যাসহ ২৫টিরও বেশি মামলা রয়েছে।
তারা ২০১৯ সালে ফরিদাবাদে কংগ্রেস নেতা বিকাশ চৌধুরীকে হত্যা, ২০২৪ সালে আয়া নগরে ৭০ রাউন্ড গুলি চালিয়ে হত্যা এবং ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির বাইরে গোলাগুলির ঘটনায় জড়িত ছিলেন।

ইন্টারপোলের রেড নোটিশভুক্ত হিমাংশু চার বছরের বেশি সময় ধরে ভুয়া পাসপোর্ট দিয়ে আন্তর্জাতিক আইন ফাঁকি দিয়ে আসছিলেন। নেভাদার কারাগারে তাদের আটকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের দ্রুত দেশে ফেরাতে ভারতীয় সংস্থাগুলো মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।