রাজধানীর নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, মালামাল লুট ও দখলের অভিযোগ উঠেছে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভাড়াটিয়া দোকানদার ও মার্কেট ম্যানেজারকে মারধরের একটি সিসিটিভি ফুটেজও ছড়িয়ে পড়েছে। ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত করেছে কেন্দ্রীয় সংসদ। পদ স্থগিত হওয়া নেতারা হলেন- ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্য শেখ পারভেজ মোশাররফ ও সাগর খান। গতকাল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গ্লোব শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ২৮ নম্বর ‘আছিল ভেলর’ নামের একটি দোকানে হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম, জামাল আহমেদ জেনিন ও সাইফ হাসান, আহ্বায়ক সদস্য সাগর খান, পারভেজ মোশাররফ ও অপু মৃধা এবং কর্মী মোস্তাক আহমেদ ও নাঈম আহমেদ। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাজেদুল ও জামালের নেতৃত্বে একদল নেতাকর্মী দোকান ভাঙচুর করছেন। একপর্যায়ে দোকানের ভাড়াটিয়া আমিনুল ইসলাম ও তার ছেলেকে মারধর করতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলে মার্কেটের ম্যানেজার জুয়েল রানা এলে তাকেও কিল-ঘুষি মারা হয়। একই সঙ্গে দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা যায় ফুটেজে। দোকানদার আমিনুল বলেন, মার্কেটের জমির মালিক থেকে আমি দোকানটা ভাড়া নিই। চলতি মাসের এক তারিখ থেকে আমাকে ভাড়া দিয়েছেন। এখন হঠাৎ করে হারুন নামের একজন দোকানের মালিক বলে দাবি করছেন। এরপর ঢাকা কলেজের মাজেদুল, জামালসহ ৩০ থেকে ৪০ জন দোকানের সবকিছু ছিঁড়ে ও ছিন্ন-ভিন্ন করে ফেলেছে। মালপত্র বাইরে ফেলে দিয়েছে। তিনি বলেন, আমার ছেলেকেও আমার সামনে মারধর করেছে। আমাকে জবাই করার হুমকি দিয়েছে।
আমাদের মারধর করে টাকাসহ মানিব্যাগ, টিভি, কম্পিউটার, মালপত্র সব বাইরে ফেলে দিয়ে তারা দোকানে তালা দিয়েছে। দোকানের সামনে আমার মাল এখনো পড়ে আছে। আমি মাল এখনো ধরিনি। দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রশাসনের লোকজন এসেছিল। তারা আপাতত দোকানটা বন্ধ রাখতে বলছে।
গ্লোব শপিং সেন্টারের ম্যানেজার জুয়েল বলেন, ‘মার্কেটের ভূমির মালিক এক ভাড়াটিয়ার কাছে দোকান বরাদ্দ দেন। তিনি দোকান চালাচ্ছিলেন। এরপর রাজনীতির সঙ্গে যুক্ত ঢাকা কলেজের কিছু লোকজন এবং অবৈধভাবে দোকানের মালিক দাবি করা একজন বহিরাগত দোকান দখলের চেষ্টা করছে। তারা দোকান দখল করতে এসে ভাড়াটিয়াকে হামলা ও মারধর করেছে। অবৈধভাবে দোকানের মালিক দাবি করা হারুনকে আগে কখনো দেখিনি। তিনি ইতালি প্রবাসী। দোকানে হামলার ঘটনায় আমরা আইনি পদক্ষেপ চাচ্ছি।
এ বিষয়ে ছাত্রদল নেতা মাজেদুল বলেন, ঘটনা হচ্ছে একজন ইতালি প্রবাসীর দোকানটি এক সপ্তাহ আগে দখল হয়েছে। তার লিগ্যাল কাগজপত্র সব আছে। হাইকোর্টে একটা মামলাও প্রক্রিয়াধীন। থানা-পুলিশ সবাই জানে। কিন্তু তিনি ইতালি থাকার ফলে মালপত্র বের করে দিয়ে এক সপ্তাহ আগে আরেকজনকে দিয়ে দোকান দখল করিয়েছেন ভবন মালিক। মাজেদুল জানান, এ ঘটনায় ওই ইতালি প্রবাসী দেশে এসে পুলিশ, প্রশাসন ও বড় ভাইদের কাছে সমাধানের জন্য যান। সবাই তাকে পরামর্শ দেন যে, দোকান নিজেদের মতো করে দখল নেন।
এছাড়া এ বিষয়ে আগামী রোববার আদালতে মামলা করা হবে। মারধরের প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি (ইতালি প্রবাসী) মার্কেটে গেলে ওনাকে ধরে বসছিল। সিসি ফুটেজটা পুরাটা দেয় নাই। ওনাকে মারছে ওরা। পরে আমি বলছি, ভাই মারামারি করবেন না। ঐ সময় ওরা আমার কলার ধরে বসে। আমরা এগুলো পছন্দ করি না। যেহেতু এটা দোকান নিয়ে সমস্যা, তারাই বুঝে নেবে। এখানে আইন আছে, তারা ওভাবে করবে। আমরা কারও পক্ষে যাবো না। কিন্তু তারা অন্যায়ভাবে দখল নিয়েছে। আরেক ছাত্রদল নেতা জামাল বলেন, আমি বাড়ি যাবো। তাই গ্লোব মার্কেটে কেনাকাটা করতে যাই। একই সময় ওখানে হট্টগোল শুরু হয়, সেটা দেখে এগিয়ে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, এই দোকানটা এক সপ্তাহ আগে গ্লোব মার্কেটের জমির মালিক হাসিব ঢাকা কলেজের কিছু ছেলে দিয়ে দখল করিয়েছেন। এ ঘটনার পর দোকানের মালিক (হারুন) এসে মীমাংসা করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু কোনো কথা না শুনে (বর্তমান ভাড়াটিয়া) হারুনের ওপর হামলা করেছে। আমি সেখানে গিয়ে সবাইকে থামানোর চেষ্টা করেছি। ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, আমি ঢাকার বাইরে আছি। ঘটনাটি এখনো জানি না। যদি দেখা যায় এমন ঘটনা ঘটেছে তাহলে এর বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থ নেবো। আমরা এমন কর্মকাণ্ড সমর্থন করি না।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, একটি দোকানের মালিকানা নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।
