দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ২১ দিনে মারা গেছে ১২৪ জন। এ ছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫১২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪৫৫ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ১১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৫০৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৯৪ জন, খুলনায় ২০৬ জন, বরিশালে ২৩১ জন, রাজশাহীতে ১৬২ জন, ময়মনসিংহে ৬০ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেট বিভাগে ৮ জন।
এদিকে, থেমে থেমে ঘন ঘন বৃষ্টিপাতের কারণে এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ। তিনি আশা প্রকাশ করে বলেছেন, অক্টোবরের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। গতকাল ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্য সচিব। তিনি বলেন, হঠাৎ করে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়নি। গত বছর ও তার আগের বছরেও ব্যাপকসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে আসা রোগীদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। ওষুধ, স্যালাইনসহ প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহও রয়েছে। তবে আক্রান্ত হওয়ার আগেই সবাইকে সচেতন হতে হবে।
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের
স্টাফ রিপোর্টার
২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
