জমকালোআয়োজনে উন্মোচিত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’-এর ট্রফি ও জার্সি

জমকালোআয়োজনে উন্মোচিত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’-এর ট্রফি ও জার্সি

ফন্ট সাইজ:

দেশের ক্রীড়াঙ্গনে পেশাদারত্বের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে মেগা ক্রীড়া আসর ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। এই টুর্নামেন্ট সামনে রেখে  বৃহস্পতিবার, বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে অবস্থিত এবিজি স্পোর্টস সিটির অত্যাধুনিক জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ক্যাপ্টেনস মিট। ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক, প্রতিনিধি এবং শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো অ্যারেনা। এবিজি গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের দূরদর্শী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে প্রথমবারের মতো রাতের ফ্লাডলাইটের আলোয় একই সঙ্গে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতার রোমাঞ্চ উপভোগ করতে যাচ্ছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।


টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, খেলার নিয়মাবলি নিয়ে আলোচনা এবং সূচি নির্ধারণের আনুষ্ঠানিক লটারির মধ্য দিয়ে দিনের আয়োজন শুরু হয়। পাশাপাশি প্রতিযোগিতার অফিশিয়াল জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। পরে খেলোয়াড়দের মধ্যে বিতরণ করা হয় জার্সি।

তারুণ্যের এই মিলনমেলায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় তরুণদের উদ্বুদ্ধ করতে আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বড় অঙ্কের প্রাইজমানি। ক্রিকেট ও ফুটবলের পৃথক বিভাগে চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা, আর রানার্সআপ দলের জন্য থাকছে পাঁচ লাখ টাকা।


অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। দেশের ক্রীড়াঙ্গনে এবিজি স্পোর্টস সিটিকে আন্তর্জাতিক মানের স্থাপনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের এই সন্ধ্যা কেবল একটি আয়োজন নয়, এটি তারুণ্যের সঙ্গে তারুণ্যের, স্বপ্নের সঙ্গে সম্ভাবনার এবং পারস্পরিক সৌহার্দ্যের এক সুন্দর মিলনমেলা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য এমন একটি মঞ্চ তৈরি করাই আয়োজকদের লক্ষ্য, যেখান থেকে উঠে আসা নতুন প্রতিভা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।’


জমকালো এই আয়োজনে উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের উৎসাহ দেন আয়োজক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা মো. লিয়াকত হোসেন ও মো. নাজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক তাসভির উল ইসলাম, ফুটবল অপারেশনস ম্যানেজার সালমান হাসান এবং ক্রিকেট অপারেশনস ম্যানেজার ইকরাম হোসেন রাফি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আয়োজক কর্তৃপক্ষ ও অংশগ্রহণকারী অধিনায়কদের প্রত্যাশার কথা তুলে ধরে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান আশাবাদ ব্যক্ত করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দলগত সংহতি তৈরি এবং ভবিষ্যতের জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তুলতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা আয়োজকদের।